চট্টগ্রামে ৭০ মিটার দীর্ঘ সেতুতে বাসের অবৈধ পার্কিং

ঝুঁকি নিয়ে পাশের পুরনো ও জরাজীর্ণ সেতু দিয়ে প্রতিদিন পার হচ্ছে হাজারো যানবাহন

নিজস্ব প্রতিবেদক

যান চলাচলের জন্য উন্মুক্ত না হওয়ায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের যানজট নিরসন ও দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ সহজ করতে মেরিনার্স সড়কের রাজাখালী খালের ওপর নির্মাণ করা হয়েছিল প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ৭০ মিটার দীর্ঘ একটি সেতু। অপরিকল্পিত এই প্রকল্পের কারণে সেতুটি এখন বাসের অবৈধ পার্কিংয়ের জায়গায় পরিণত হয়েছে। আর ঝুঁকি নিয়ে পাশের একটি পুরনো ও জরাজীর্ণ সেতু দিয়ে প্রতিদিন পার হচ্ছে হাজারো যানবাহন। সেতুটির নির্মাণকাজ শেষ হয়েছে পাঁচ বছর আগে। কিন্তু দুই পাশে সংযোগ সড়ক (অ্যাপ্রোচ রোড) না থাকায় এটি এখনো যান চলাচলের জন্য উন্মুক্ত করা যায়নি।

জানা গেছে, সেতুটির তৈরির উদ্দেশ্য ছিল চাক্তাই, খাতুনগঞ্জ ও আসাদগঞ্জ বাণিজ্যিক এলাকার পণ্যবাহী গাড়ি এবং দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারের যানবাহন মূল শহরের যানজট এড়িয়ে এই সড়ক দিয়ে চলাচল করবে। কিন্তু সংযোগ সড়ক ছাড়া সেতুটি নির্মাণ করে ফেলে রাখায় এটি কোনো কাজে আসেনি।

জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে ‘সিটি গভর্ন্যান্স প্রজেক্ট’-এর আওতায় ৯ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। নির্মাণকাজ শেষে ২০২২ সালের জানুয়ারিতে এটি চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কাছে হস্তান্তর করা হয়। এর আগে ১২ কোটি টাকা ব্যয়ে ১ দশমিক ৩ কিলোমিটার দীর্ঘ চার লেনের মেরিনার্স রোড নির্মাণ করেছিল চসিক।
সরেজমিনে সেতুর ওপর পার্ক করে রাখা বাসের কর্মচারী রুহুল আমিন জানিয়েছেন, যান চলাচলের জন্য সেতুটি বন্ধ থাকায় তারা এটিকে গাড়ি রাখার জায়গা হিসেবে ব্যবহার করছেন। মূলত বাস মালিক ও শ্রমিক নেতারাই জায়গাটি অলিখিত পার্কিং জোন হিসেবে নির্ধারণ করে দিয়েছেন।

এদিকে নতুন সেতুটি অব্যবহৃত থাকায় ঠিক এর পাশেই থাকা পুরনো সরু সেতুটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে সিএনজিচালিত অটোরিকশা, পণ্যবাহী মিনি ট্রাক ও অন্যান্য যানবাহন। দুই লেনের ওই পুরনো সেতুটিতে ভারী গাড়ি উঠলেই যানজটের সৃষ্টি হচ্ছে।
এই রুটে নিয়মিত চলাচলকারী অটোরিকশাচালক মো. রুবেল বলেছেন, নতুন সেতুটিতে ওঠানামার জায়গা না থাকায় ব্যবহার করা যাচ্ছে না। বাধ্য হয়ে পুরনো সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। চাক্তাই-খাতুনগঞ্জের মালবাহী গাড়ির চাপ বাড়লে এই সরু সেতুটিতে প্রায়ই দীর্ঘ যানজট লেগে থাকে। তখন যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

সরেজমিনে দেখা যায়, নতুন সেতুটির দুই প্রান্তে কোনো পিচঢালা সংযোগ সড়ক নেই। অস্থায়ীভাবে মাটি ও বালুর ঢাল তৈরি করে বাসগুলো সেতুর ওপর ওঠানো হয়েছে। সেতু জুড়ে সারি সারি বাস দাঁড় করিয়ে রাখা হয়েছে। ‘শাহ গদি’, ‘এনআরবি পরিবহন’, ‘মমিন’সহ বিভিন্ন নামের ১৫ থেকে ২০টি যাত্রীবাহী বাস সেতুটিকে রীতিমতো টার্মিনালে পরিণত করেছে। বাসের ফাঁকে ফাঁকে সেতুর ঢালাই করা মেঝের ওপর কয়েকজন মৎস্য শ্রমিককে বিশাল আকৃতির কালো জাল বিছিয়ে মেরামত করতে দেখা যায়। সেতুর একপাশের রেলিং ঘেঁষে এবং সড়কের ওপর ছড়িয়ে-ছিটিয়ে আছে পলিথিনসহ স্তূপ করা নানা ধরনের আবর্জনা।

নতুন সেতুর এক প্রান্তে মাটি ও বালুর বিশাল স্তূপ এবং এর পাশেই একটি খননযন্ত্র (এক্সকাভেটর) পড়ে থাকতে দেখা যায়। সেতুর একপাশে অস্থায়ীভাবে কয়েকটি ভাসমান দোকানও বসানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক ভাসমান দোকানি বলেছেন, সেতুটিতে ওঠার কোনো জায়গা নেই। এটি ব্যবহার হয় না। এখানে মুখে দোকান বসিয়ে কোনোভাবে সংসার চালাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেননি। তবে তিনি বলেছেন, সেতুটি নির্মাণের সময় আমি দায়িত্বে ছিলাম না। তবে খোঁজখবর নিয়ে যতটুকু জানতে পেরেছি, জায়গা অধিগ্রহণের জটিলতার কারণে তখন সংযোগ সড়ক নির্মাণ করা যায়নি। এখন সেতুটি ব্যবহার উপযোগী করতে নতুন একটি প্রকল্পের আওতায় সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলেই এটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে তিনি জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচি চালু করেছে সরকার। এ কর্মসূচির আওতায় প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন শ্রমিকরা। প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। শুক্রবার (১৩ নভেম্বর) থেকে প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় ট্রাকসেলের মাধ্যমে চাল বিক্রি শুরু হয়েছে।

সূত্রে জানা গেছে, তৈরি পোশাকশিল্পে কর্মরত প্রত্যেক শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কেনার সুযোগ পাবেন। প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত ট্রাকে এ চাল বিক্রি করা হবে। তবে চালের মজুত থাকা সাপেক্ষে এ কার্যক্রম চলবে।

শুক্রবার সকাল ১০টায় নগরের উত্তর কাট্টলী এলাকায় লাকি গার্মেন্টস সংলগ্ন মোড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।এ সময় অতিরিক্ত কমিশনার (উন্নয়ন) নুসরাত সুলতানা, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটওয়ারী এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, সরকার নিয়মিতভাবে নিম্ন আয়ের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ভর্তুকি মূল্যে ওএমএসের মাধ্যমে চাল বিক্রি করে আসছে। এরই ধারাবাহিকতায় তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমানো এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির চাপ মোকাবিলায় এ বিশেষ কর্মসূচি চালু করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও জেলার বিভিন্ন এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলায় ট্রাকসেলের মাধ্যমে এ চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে তৈরি পোশাকশিল্পে কর্মরত নিম্ন আয়ের শ্রমিকরা সাশ্রয়ী মূল্যে চাল কেনার সুযোগ পাবেন। একজন পোশাকশ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। এ জন্য শ্রমিকদের নিজ নিজ পোশাককারখানার পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কারখানার মাস্টাররোলে তাদের স্বাক্ষর নেওয়া হবে, যাতে প্রকৃত পোশাকশ্রমিকরাই এ কর্মসূচির সুবিধা পান।

প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা এবং বেলা আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারিত ট্রাকে চাল বিক্রি করা হবে। তবে চালের মজুদ থাকা সাপেক্ষে এ কার্যক্রম পরিচালিত হবে। খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মসূচির স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে। চট্টগ্রামে নির্ধারিত ১০টি কেন্দ্রে এ চাল বিক্রি করা হচ্ছে।

কেন্দ্রগুলো হলো— বালুছড়ার কুলগাঁও স্কুলের সামনে (লয়েল টেক্স লিমিটেড), অক্সিজেন রেলগেটের পাশে (কেডিএস ফ্যাশন লিমিটেড), দেওয়ানহাট সিঅ্যান্ডবি গেটের পাশে (প্রিয়ম গার্মেন্টস লিমিটেড), কালুরঘাট বার্জার ফ্যাক্টরির মোড়ে (আজিম গ্রুপ, ওভেন ডিভিশন), বাহির সিগন্যাল রেললাইনের উত্তর পাশে (বেইজ টেক্স লিমিটেড, ফোর এইচ গ্রুপ), বায়েজিদ রুবি গেটের সামনে (চৌধুরী ফ্যাশন ওয়্যার লিমিটেড), বাকলিয়ার চাক্তাই তুলাতুলীর মোড়ে (দি নীড অ্যাপারেলস লিমিটেড), উত্তর কাট্টলীতে লাকি গার্মেন্টসের পাশে (কাট্টলী টেক্সটাইল লিমিটেড), সিইপিজেড মোড়ে টিসিবি কার্যালয়ের সামনে (বিডি অ্যাপারেলস লিমিটেড) এবং কেইপিজেডের স্টিল মিল বাজারে (কেনপার্ক)।

চট্টগ্রামের আকবরশাহে দুটি এলজিসহ গ্রেফতার -১

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ এলাকায় দুটি দেশীয় তৈরি এলজি এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই ব্যক্তি হলেন ওমর ফারুক (৪২)। সে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কৃষ্ণারামপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবুল আজাদ।সিটি গেট এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

পুলিশ জানায়, আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোছাইনের নেতৃত্বে এসআই কিরণ, এএসআই মেজবাহ উদ্দিনসহ একটি দল চেকপোস্ট-৪৪-এ দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সিটি গেট এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ওমর ফারুককে দুটি দেশীয় তৈরি এলজিসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আকবরশাহ থানায় অস্ত্র আইনের ১৯(ক) ধারায় মামলা (নং-১১) করা হয়েছে।

আলোচিত খবর

বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে – জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রধানমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন-দেশের ভেতরে ও বাইরে থেকে যারা বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের প্রত্যেককে একে একে জবাব দেওয়া হবে। আজ ৭ নভেম্বর শনিবার রাজধানীর নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত শোভাযাত্রার আগে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বহু বছর পর দেশের মানুষ মুক্তভাবে বিপ্লব ও সংহতি দিবস পালনের সুযোগ পেয়েছে। তবে দেশের বিরুদ্ধে আবারও একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অতীতের মতো এবারও ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। কিন্তু এ দেশের মানুষকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে দমিয়ে রাখা যাবেনা।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছিল। স্বাধীনতার পেছনে মানুষের প্রত্যাশা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কিন্তু স্বাধীনতার পর থেকেই দেশের ভেতরে ও বাইরে বিভিন্ন মহল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মেনে নিতে পারেনি। তারা সাধারণ মানুষকে দাবিয়ে রাখা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে।

১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ ভূমিকার মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী অপশক্তিকে পরাজিত করা হয়েছিল। এর মধ্য দিয়ে বাংলাদেশে আবারও গণতন্ত্রের সূচনা হয়। তবে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের গণতান্ত্রিক অধিকার মেনে নিতে না পারা একটি মহল বিভিন্ন সময়ে ষড়যন্ত্রের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে। বারবার জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে।

১৯৯০ সালের গণ-আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আবারও তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছিল। কিন্তু পরবর্তী সময়েও জনগণের সেই অধিকার বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ও সার্বভৌমত্ব পুনরুদ্ধার করেছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো ২০২৪ সালের ৫ আগস্টও জনগণ ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে পরাজিত করেছে।তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলন শুধু দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, একই সঙ্গে ছাত্র-জনতা স্বৈরাচারী শক্তিকেও দেশ থেকে বিতাড়িত করেছে। বাংলাদেশের মানুষ অতীতেও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছে। তাই কোনো ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের আন্দোলন ও অর্জন থামিয়ে রাখা যাবে না।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অতীতের মতো আবারও একটি মহল দেশ নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বাধাগ্রস্ত করতে চায়। একই সঙ্গে জনগণের ভোটের রাজনীতি ও গণতান্ত্রিক নির্বাচনব্যবস্থা বন্ধ করার চেষ্টা করছে। তবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর, ১৯৯০ সালের গণ-আন্দোলন এবং ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনা প্রমাণ করে, এ দেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে জানে।

দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি জাতীয় ঐক্যের ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো বিভেদ থাকা উচিত নয়। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অতীতের বিভিন্ন আন্দোলন ও গণ-অভ্যুত্থানের মতো এবারও ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। দেশের গণতন্ত্রকামী মানুষকে সঙ্গে নিয়ে প্রতিটি ষড়যন্ত্রের জবাব একে একে দেওয়া হবে। কোনো শক্তিই বাংলাদেশের মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না।

আরও পড়ুন

সর্বশেষ