বিশেষায়িত জাহাজ সংকটসহ যেসব কারণে বাড়ছে এলপিজির দাম

চট্টগ্রাম ব্যুরো

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম একাধিক কারণে বাড়ছে বলে দাবি করেছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) লোয়াবের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আহসানুল জব্বার স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা জানায়। সংগঠনটির দাবি, যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ বিঘ্নিত হওয়ায় বিকল্প উৎস হিসেবে যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানি করতে হচ্ছে। এতে দীর্ঘ সমুদ্রপথের পাশাপাশি জাহাজভাড়াও বেড়েছে।

লোয়াব দাবি করে, যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে এলপিজি আমদানি করতে হচ্ছে। একই সময়ে বিশ্বজুড়ে এলপিজি পরিবহনের বিশেষায়িত জাহাজের সংকট তৈরি হয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম ও জাহাজভাড়া বেড়ে আমদানির মোট ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।

বিবৃতিতে বলা হয়, ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের মোট মূল্যের প্রায় ৮০ শতাংশ নির্ভর করে আন্তর্জাতিক বাজার থেকে গ্যাস কেনা ও দেশে আমদানির ব্যয়ের ওপর। বাকি ২০ শতাংশের মধ্যে রয়েছে ভ্যাট-কর, সিলিন্ডারে গ্যাস ভরা, স্থানীয় পরিবহন, মুনাফা এবং ডিলার ও খুচরা বিক্রেতার কমিশন। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশের বাজারে তা নিয়ন্ত্রণের সুযোগ সীমিত থাকে।

লোয়াবের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সৌদি আরামকোর এলপিজির কন্ট্রাক্ট প্রাইস (সিপি) প্রতি টন গড়ে ৫৫২ ডলার ছিল। ২০২৬ সালে তা বেড়ে গড়ে ৬৬৬ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ এক বছরের ব্যবধানে কাঁচামালের দাম বেড়েছে প্রায় ২১ শতাংশ। চলতি বছরের নভেম্বর মাসে প্রোপেনের সিপি ছিল প্রতি টন ৭২০ ডলার এবং বিউটেনের ৭৮০ ডলার। ৩৫:৬৫ অনুপাতে এ দুটির গড় মূল্য দাঁড়ায় প্রায় ৭৫৯ ডলার।

বিবৃতিতে আরও বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রতি কেজি এলপিজির নির্ধারিত মূল্য ছিল ১১৩ টাকা। নভেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭১ টাকা ৬৮ পয়সায়।এলপিজির দাম বৃদ্ধির পেছনে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি। তাদের দাবি, যুদ্ধের কারণে হরমুজ প্রণালি ও বাব-এল-মান্দেব নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল বিঘ্নিত হয়েছে। এতে প্রচলিত সরবরাহ চুক্তি বাতিল ও অনিশ্চিত হয়ে পড়েছে। বর্তমানে দেশের এলপিজি চাহিদার প্রায় ৮০ শতাংশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হচ্ছে।

এছাড়া ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় আমদানিকারকদের ব্যয় আরও বেড়েছে বলে দাবি করেছে সংগঠনটি। এলপিজি আমদানির মূল্য ডলারে পরিশোধ করতে হয়। ফলে টাকার অবমূল্যায়নের কারণে ঋণপত্র খোলা ও পণ্য আমদানিতে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে।ভারতের সঙ্গে বাংলাদেশের এলপিজির দামের পার্থক্যের কারণও ব্যাখ্যা করেছে লোয়াব।

সংগঠনটির দাবি, ভারতে সমুদ্রবন্দরের পর্যাপ্ত গভীরতা থাকায় বড় জাহাজ সরাসরি জেটিতে ভিড়ে দ্রুত এলপিজি খালাস করতে পারে। কিন্তু বাংলাদেশে পর্যাপ্ত পানির গভীরতা না থাকায় গভীর সমুদ্রে ছোট জাহাজের মাধ্যমে লাইটারিং করে গ্যাস খালাস করতে হয়। এতে প্রায় ২৫ দিন সময় লাগে। একটি বড় জাহাজ পরিচালনায় দৈনিক প্রায় দুই লাখ ডলার ব্যয় হওয়ায় এ প্রক্রিয়ায় আমদানি ব্যয় অনেক বেড়ে যায়।

এছাড়া ভারতের এলপিজি চাহিদার প্রায় ৫০ শতাংশ দেশটির নিজস্ব শোধনাগারে উৎপাদিত হয়। দেশটির বাজার বাংলাদেশের তুলনায় প্রায় ২০ গুণ বড়। ফলে একসঙ্গে বেশি পরিমাণ গ্যাস আমদানি করে তারা পাইকারি ছাড় ও জাহাজ ব্যবহারে সুবিধা পায়। পাশাপাশি ২০২৫-২৬ অর্থবছরে ভারত সরকার এলপিজি খাতে প্রায় ৩০ হাজার কোটি রুপি ভর্তুকি দিচ্ছে। বিপরীতে বাংলাদেশে এলপিজি খাতে কোনো সরকারি ভর্তুকি নেই বলে দাবি করেছে লোয়াব।

সংগঠনটির মতে, দেশে এলপিজির আমদানি ব্যয় কমাতে মহেশখালীতে ল্যান্ড টার্মিনাল নির্মাণ করা প্রয়োজন। সরকারি উদ্যোগে অথবা সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে এ ধরনের টার্মিনাল নির্মাণ করা হলে আমদানি ও পরিচালন ব্যয় কমবে। এর প্রভাব ভোক্তা পর্যায়ের দামেও পড়বে।
এদিকে ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করতে অপারেটর ও পরিবেশকদের নির্দেশনা দিয়েছে লোয়াব।

বিবৃতিতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রির বিষয়ে কঠোর নির্দেশনা ও সতর্কবার্তা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সংগঠনের আওতাধীন সব অপারেটর ও পরিবেশককে নির্ধারিত মূল্যে বিক্রি এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে।সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করলে সংশ্লিষ্ট অসাধু চক্র ও খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঝুঁকি নিয়ে পাশের পুরনো ও জরাজীর্ণ সেতু দিয়ে প্রতিদিন পার হচ্ছে হাজারো যানবাহন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের যানজট নিরসন ও দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ সহজ করতে মেরিনার্স সড়কের রাজাখালী খালের ওপর নির্মাণ করা হয়েছিল প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ৭০ মিটার দীর্ঘ একটি সেতু। অপরিকল্পিত এই প্রকল্পের কারণে সেতুটি এখন বাসের অবৈধ পার্কিংয়ের জায়গায় পরিণত হয়েছে। আর ঝুঁকি নিয়ে পাশের একটি পুরনো ও জরাজীর্ণ সেতু দিয়ে প্রতিদিন পার হচ্ছে হাজারো যানবাহন। সেতুটির নির্মাণকাজ শেষ হয়েছে পাঁচ বছর আগে। কিন্তু দুই পাশে সংযোগ সড়ক (অ্যাপ্রোচ রোড) না থাকায় এটি এখনো যান চলাচলের জন্য উন্মুক্ত করা যায়নি।

জানা গেছে, সেতুটির তৈরির উদ্দেশ্য ছিল চাক্তাই, খাতুনগঞ্জ ও আসাদগঞ্জ বাণিজ্যিক এলাকার পণ্যবাহী গাড়ি এবং দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারের যানবাহন মূল শহরের যানজট এড়িয়ে এই সড়ক দিয়ে চলাচল করবে। কিন্তু সংযোগ সড়ক ছাড়া সেতুটি নির্মাণ করে ফেলে রাখায় এটি কোনো কাজে আসেনি।

জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে ‘সিটি গভর্ন্যান্স প্রজেক্ট’-এর আওতায় ৯ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। নির্মাণকাজ শেষে ২০২২ সালের জানুয়ারিতে এটি চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কাছে হস্তান্তর করা হয়। এর আগে ১২ কোটি টাকা ব্যয়ে ১ দশমিক ৩ কিলোমিটার দীর্ঘ চার লেনের মেরিনার্স রোড নির্মাণ করেছিল চসিক।
সরেজমিনে সেতুর ওপর পার্ক করে রাখা বাসের কর্মচারী রুহুল আমিন জানিয়েছেন, যান চলাচলের জন্য সেতুটি বন্ধ থাকায় তারা এটিকে গাড়ি রাখার জায়গা হিসেবে ব্যবহার করছেন। মূলত বাস মালিক ও শ্রমিক নেতারাই জায়গাটি অলিখিত পার্কিং জোন হিসেবে নির্ধারণ করে দিয়েছেন।

এদিকে নতুন সেতুটি অব্যবহৃত থাকায় ঠিক এর পাশেই থাকা পুরনো সরু সেতুটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে সিএনজিচালিত অটোরিকশা, পণ্যবাহী মিনি ট্রাক ও অন্যান্য যানবাহন। দুই লেনের ওই পুরনো সেতুটিতে ভারী গাড়ি উঠলেই যানজটের সৃষ্টি হচ্ছে।
এই রুটে নিয়মিত চলাচলকারী অটোরিকশাচালক মো. রুবেল বলেছেন, নতুন সেতুটিতে ওঠানামার জায়গা না থাকায় ব্যবহার করা যাচ্ছে না। বাধ্য হয়ে পুরনো সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। চাক্তাই-খাতুনগঞ্জের মালবাহী গাড়ির চাপ বাড়লে এই সরু সেতুটিতে প্রায়ই দীর্ঘ যানজট লেগে থাকে। তখন যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

সরেজমিনে দেখা যায়, নতুন সেতুটির দুই প্রান্তে কোনো পিচঢালা সংযোগ সড়ক নেই। অস্থায়ীভাবে মাটি ও বালুর ঢাল তৈরি করে বাসগুলো সেতুর ওপর ওঠানো হয়েছে। সেতু জুড়ে সারি সারি বাস দাঁড় করিয়ে রাখা হয়েছে। ‘শাহ গদি’, ‘এনআরবি পরিবহন’, ‘মমিন’সহ বিভিন্ন নামের ১৫ থেকে ২০টি যাত্রীবাহী বাস সেতুটিকে রীতিমতো টার্মিনালে পরিণত করেছে। বাসের ফাঁকে ফাঁকে সেতুর ঢালাই করা মেঝের ওপর কয়েকজন মৎস্য শ্রমিককে বিশাল আকৃতির কালো জাল বিছিয়ে মেরামত করতে দেখা যায়। সেতুর একপাশের রেলিং ঘেঁষে এবং সড়কের ওপর ছড়িয়ে-ছিটিয়ে আছে পলিথিনসহ স্তূপ করা নানা ধরনের আবর্জনা।

নতুন সেতুর এক প্রান্তে মাটি ও বালুর বিশাল স্তূপ এবং এর পাশেই একটি খননযন্ত্র (এক্সকাভেটর) পড়ে থাকতে দেখা যায়। সেতুর একপাশে অস্থায়ীভাবে কয়েকটি ভাসমান দোকানও বসানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক ভাসমান দোকানি বলেছেন, সেতুটিতে ওঠার কোনো জায়গা নেই। এটি ব্যবহার হয় না। এখানে মুখে দোকান বসিয়ে কোনোভাবে সংসার চালাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেননি। তবে তিনি বলেছেন, সেতুটি নির্মাণের সময় আমি দায়িত্বে ছিলাম না। তবে খোঁজখবর নিয়ে যতটুকু জানতে পেরেছি, জায়গা অধিগ্রহণের জটিলতার কারণে তখন সংযোগ সড়ক নির্মাণ করা যায়নি। এখন সেতুটি ব্যবহার উপযোগী করতে নতুন একটি প্রকল্পের আওতায় সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলেই এটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে তিনি জানান।

চট্টগ্রামের আকবরশাহে দুটি এলজিসহ গ্রেফতার -১

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ এলাকায় দুটি দেশীয় তৈরি এলজি এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই ব্যক্তি হলেন ওমর ফারুক (৪২)। সে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কৃষ্ণারামপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবুল আজাদ।সিটি গেট এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

পুলিশ জানায়, আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোছাইনের নেতৃত্বে এসআই কিরণ, এএসআই মেজবাহ উদ্দিনসহ একটি দল চেকপোস্ট-৪৪-এ দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সিটি গেট এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ওমর ফারুককে দুটি দেশীয় তৈরি এলজিসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আকবরশাহ থানায় অস্ত্র আইনের ১৯(ক) ধারায় মামলা (নং-১১) করা হয়েছে।

আলোচিত খবর

স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশের প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে ১৩ নভেম্বর শুক্রবার দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী উপরোক্ত বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। আক্রান্ত ব্যক্তিরাও যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন এবং যারা এখনো এ রোগে আক্রান্ত হননি, তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ ও শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সচেতন থাকা উচিত।

আরও পড়ুন

সর্বশেষ