দেশি মাছের সংকটে অস্তিত্বের লড়াই; ভাঙ্গুড়ার শুঁটকি শিল্পে দুর্দিন

গিয়াস উদ্দিন সরদার,বিশেষ প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এক সময় বর্ষা শেষে পাবনার ভাঙ্গুড়ার শুঁটকি চাতাল গুলোতে শুরু হতো কর্মব্যস্ততা।
নদী, খাল-বিল থেকে আসা দেশি মাছে ভরে উঠত চাতাল। মাছ পরিষ্কার, মাচায় শুকানো আর শুঁটকি প্রস্তুতের কাজে দিনভর ব্যস্ত থাকতেন শ্রমিকেরা। উৎপাদিত শুঁটকি দেশের বিভিন্ন অঞ্চলের চাহিদা মিটিয়ে পৌঁছে যেত বিদেশের বাজারেও। কিন্তু সময়ের ব্যবধানে সেই চিত্র পাল্টে গেছে। দেশি মাছের সংকট, জলাশয়ের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়া এবং নির্বিচারে মাছ শিকারের প্রভাবে এখন অস্তিত্বের সংকটে পড়েছে ভাঙ্গুড়ার ঐতিহ্যবাহী শুঁটকি শিল্প।
উপজেলার অধিকাংশ শুঁটকি চাতাল বন্ধ হয়ে গেছে। যে একটি চাতাল চালু রয়েছে, সেখানেও চলছে সীমিত পরিসরে উৎপাদন। মাছের অভাবে কাজ পাচ্ছেন না শ্রমিকেরা, আর উৎপাদন কমে যাওয়ায় লোকসানের মুখে পড়ছেন ব্যবসায়ীরা। একসময়ের কর্মচঞ্চল শুঁটকি চাতালগুলো এখন হারাচ্ছে তাদের চিরচেনা আমেজ।
সম্প্রতি উপজেলার কলকতি এলাকার একটি শুঁটকি চাতালে গিয়ে দেখা যায়, সীমিত পরিমাণ মাছ নিয়ে শুকানোর কাজ করছেন শ্রমিকেরা। অন্যদিকে মাছের অভাবে অধিকাংশ চাতাল বন্ধ থাকায় কাজের সুযোগও কমে গেছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর হিসেবে কাজ করা শ্রমিকেরা।

শ্রমিকদের মতোই অনিশ্চয়তার মধ্যে রয়েছেন শুঁটকি ব্যবসায়ীরা। মাছ সংগ্রহ করতে না পারায় অনেক কে চাতাল বন্ধ রাখতে হচ্ছে। এতে একদিকে ব্যবসায়িক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে, অন্যদিকে কমেছে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ।
শুঁটকি ব্যবসায়ী রইচ উদ্দিন জানান, আগে নিয়মিত মাছ পাওয়া গেলেও চলতি মৌসুমে অনেক ব্যবসায়ী টানা দুই সপ্তাহেও মাছ পাননি। ফলে বাধ্য হয়ে অনেকে চাতাল বন্ধ রেখেছেন। তার মতে, বিখ্যাত চলনবিল এলাকায় অপরিকল্পিত পুকুর খনন, অবৈধ জাল ব্যবহার ও নির্বিচারে মাছ শিকারের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দা ছালাম আলী ও আল-মাহবুদ সহ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, এক সময় বর্ষা মৌসুমে বিখ্যাত চলনবিল সহ ভাঙ্গুড়ার ছোট-বড় বিল পানিতে টইটম্বুর থাকত। নদী ও খাল দিয়ে মাছ চলাচল করত বিভিন্ন জলাশয়ে। স্থানীয় জেলেরা এসব জলাশয় থেকে প্রচুর দেশি মাছ আহরণ করতেন। সেই মাছের একটি বড় অংশ সরবরাহ করা হতো শুঁটকি চাতাল গুলোতে।
তারা জানান, এক সময় ভাঙ্গুড়ার শুঁটকির সুনাম ছিল দেশের বিভিন্ন অঞ্চলে। স্থানীয়দের দাবি, দেশের চাহিদা মিটিয়ে এই শুঁটকি বিদেশের অন্তত ২০টি দেশে রপ্তানি হতো। কিন্তু জলাশয়ে পানি কমে যাওয়া ও দেশি মাছের প্রাপ্যতা কমে আসায় সেই জমজমাট ব্যবসায় এখন ভাটা পড়েছে। আগের মতো মাছ না পাওয়ায় উৎপাদন ধরে রাখা কঠিন হয়ে উঠেছে।

শুঁটকি চাতালের শ্রমিক আসমা খাতুন বলেন, “আগে চাতালে কাজের অভাব ছিল না। প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা আয় হতো। এখন মাছ না থাকায় অধিকাংশ দিন কাজই থাকে না। সংসার চালানো কষ্ট হয়ে গেছে।”

স্থানীয়দের মতে, নদী, খাল ও বিলের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়া দেশি মাছ কমে যাওয়ার অন্যতম কারণ। অপরিকল্পিত বাঁধ, সড়ক ও বিভিন্ন স্থাপনা নির্মাণের ফলে অনেক জলাশয়ের পানি ধারণক্ষমতা কমেছে। কোথাও কোথাও বর্ষা মৌসুমেও বিল গুলো পর্যাপ্ত পানিতে পূর্ণ হচ্ছে না। এর সঙ্গে যুক্ত হয়েছে চায়না দুয়ারি, বাদাই জাল সহ বিভিন্ন নিষিদ্ধ ও ক্ষতিকর জালের ব্যবহার।

এসব জালে মা মাছের পাশাপাশি রেণু ও পোনা মাছও ধরা পড়ছে। ফলে মাছের প্রজনন ও বংশ বিস্তার বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের আশঙ্কা, জলাশয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা এবং অবৈধ মাছ শিকার বন্ধ করা না গেলে দেশি মাছের সংকট আরও বাড়তে পারে।

ভাঙ্গুড়া উপজেলার কলকতি এলাকার শুঁটকি চাতালের মালিক মোঃ দুলাল হোসেন বলেন, “দিলপাশার, মাগুড়া, পুঁইবিল, তারাপুর, আদাবাড়িয়া, হাট উধুনিয়া, বাঁশবাড়িয়া, উধুনিয়া, দেখলগ্রাম ও দত্ত খারুয়া বিলে এক সময় প্রচুর দেশি মাছ পাওয়া যেত। এখন চায়না দুয়ারি জাল দিয়ে মা মাছ সহ সব ধ্বংস করা হচ্ছে। এতে দেশি মাছের উৎপাদন ও প্রজনন মারাত্মকভাবে কমে গেছে। শুঁটকি উৎপাদন ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।”
দুলাল হোসেনের ভাষ্য, দেশি মাছের সরবরাহ কমে যাওয়ায় চাতাল চালু রাখা দিন দিন কঠিন হয়ে উঠছে। পর্যাপ্ত মাছ পাওয়া না গেলে শ্রমিকদের কাজ দেওয়া এবং ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হচ্ছে না।
এ পরিস্থিতিতে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী শুঁটকি শিল্পের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ বাড়ছে।

এক সময় ভাঙ্গুড়া ও বিখ্যাত চলনবিল অঞ্চলের মুক্ত জলাশয়ে পাওয়া যেত দেশি মাছের বিপুল বৈচিত্র্য। মাগুর, চাপিলা, শিং, পাবদা, টাকি, চিতল, রিটা, গুজি, আইড়, কৈ, বোয়াল, খৈলসা, দেশি সরপুঁটি, গজার, বাইম, টাটকিনি, তিতপুঁটি, বাঘাইড়, গুলশা, কাজলি, গাং চেলা, টেংরা, মলা, কাল-বাউশ ও শোল সহ নানা প্রজাতির দেশি মাছ ছিল স্থানীয় মানুষের খাদ্য ও জীবিকার গুরুত্বপূর্ণ উৎস।
কিন্তু এখন এসব মাছের অনেক প্রজাতি আগের মতো সহজে পাওয়া যায় না।

স্থানীয় বাজারগুলোতেও দেশি মাছের সরবরাহ কমেছে। চাষের মাছের উপস্থিতি থাকলেও প্রাকৃতিক জলাশয়ের দেশি মাছের সংকট স্পষ্ট হয়ে উঠেছে। আর দেশি মাছের ওপর নির্ভরশীল শুঁটকি শিল্পে পড়েছে এর সরাসরি প্রভাব।

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লা বলেন, “চায়না দুয়ারি সহ বিভিন্ন নিষিদ্ধ জালে নির্বিচারে মাছ নিধন এবং বৃষ্টি কম হওয়ায় জলাশয়ে পানি ও মাছ দুটোই কমেছে। অন্যান্য বছর যেখানে তিনটি শুঁটকি চাতাল ছিল, সেখানে এবার রয়েছে মাত্র একটি। গত বছর ৭ টন শুঁটকি উৎপাদন হলেও এ বছর ৪ থেকে ৫ টন উৎপাদন করাও কঠিন।

তিনি আরও বলেন, দেশি ও বিদেশি বাজারে শুঁটকির চাহিদা থাকলেও জলাশয়ে পর্যাপ্ত মাছ না থাকলে এ শিল্প টিকিয়ে রাখা সম্ভব নয়। মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করা, জলাশয়ের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং মৎস্যজীবীদের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি।
মৎস্য কর্মকর্তা জানান, চলতি বছর নিষিদ্ধ জালের বিরুদ্ধে ১৬টি অভিযান পরিচালনা করে ৭০৩ টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস করা হয়েছে। নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান ও আইন প্রয়োগ কার্যক্রম অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

শ্রমিক অসন্তোষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শ্রমিকদের বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ সময় খোলা কয়েকটি কারখানায় হামলা, কাজে যোগ দিতে আসা শ্রমিকদের বাধা এবং সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের হেনস্তার অভিযোগ উঠেছে।

উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিকদের বিক্ষোভ শুরু হয় শনিবার (১৪ নভেম্বর) সকাল ৭টা ৪০ মিনিট থেকে । এরপর কারনে মৌচাক, সফিপুর, চন্দ্রা এলাকার বিভিন্ন স্থানে জড়ো হন শ্রমিকরা।একপর্যায়ে বিক্ষোভকারীদের একটি অংশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষ।

ঝুঁকি নিয়ে পাশের পুরনো ও জরাজীর্ণ সেতু দিয়ে প্রতিদিন পার হচ্ছে হাজারো যানবাহন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের যানজট নিরসন ও দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ সহজ করতে মেরিনার্স সড়কের রাজাখালী খালের ওপর নির্মাণ করা হয়েছিল প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ৭০ মিটার দীর্ঘ একটি সেতু। অপরিকল্পিত এই প্রকল্পের কারণে সেতুটি এখন বাসের অবৈধ পার্কিংয়ের জায়গায় পরিণত হয়েছে। আর ঝুঁকি নিয়ে পাশের একটি পুরনো ও জরাজীর্ণ সেতু দিয়ে প্রতিদিন পার হচ্ছে হাজারো যানবাহন। সেতুটির নির্মাণকাজ শেষ হয়েছে পাঁচ বছর আগে। কিন্তু দুই পাশে সংযোগ সড়ক (অ্যাপ্রোচ রোড) না থাকায় এটি এখনো যান চলাচলের জন্য উন্মুক্ত করা যায়নি।

জানা গেছে, সেতুটির তৈরির উদ্দেশ্য ছিল চাক্তাই, খাতুনগঞ্জ ও আসাদগঞ্জ বাণিজ্যিক এলাকার পণ্যবাহী গাড়ি এবং দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারের যানবাহন মূল শহরের যানজট এড়িয়ে এই সড়ক দিয়ে চলাচল করবে। কিন্তু সংযোগ সড়ক ছাড়া সেতুটি নির্মাণ করে ফেলে রাখায় এটি কোনো কাজে আসেনি।

জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে ‘সিটি গভর্ন্যান্স প্রজেক্ট’-এর আওতায় ৯ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। নির্মাণকাজ শেষে ২০২২ সালের জানুয়ারিতে এটি চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কাছে হস্তান্তর করা হয়। এর আগে ১২ কোটি টাকা ব্যয়ে ১ দশমিক ৩ কিলোমিটার দীর্ঘ চার লেনের মেরিনার্স রোড নির্মাণ করেছিল চসিক।
সরেজমিনে সেতুর ওপর পার্ক করে রাখা বাসের কর্মচারী রুহুল আমিন জানিয়েছেন, যান চলাচলের জন্য সেতুটি বন্ধ থাকায় তারা এটিকে গাড়ি রাখার জায়গা হিসেবে ব্যবহার করছেন। মূলত বাস মালিক ও শ্রমিক নেতারাই জায়গাটি অলিখিত পার্কিং জোন হিসেবে নির্ধারণ করে দিয়েছেন।

এদিকে নতুন সেতুটি অব্যবহৃত থাকায় ঠিক এর পাশেই থাকা পুরনো সরু সেতুটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে সিএনজিচালিত অটোরিকশা, পণ্যবাহী মিনি ট্রাক ও অন্যান্য যানবাহন। দুই লেনের ওই পুরনো সেতুটিতে ভারী গাড়ি উঠলেই যানজটের সৃষ্টি হচ্ছে।
এই রুটে নিয়মিত চলাচলকারী অটোরিকশাচালক মো. রুবেল বলেছেন, নতুন সেতুটিতে ওঠানামার জায়গা না থাকায় ব্যবহার করা যাচ্ছে না। বাধ্য হয়ে পুরনো সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। চাক্তাই-খাতুনগঞ্জের মালবাহী গাড়ির চাপ বাড়লে এই সরু সেতুটিতে প্রায়ই দীর্ঘ যানজট লেগে থাকে। তখন যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

সরেজমিনে দেখা যায়, নতুন সেতুটির দুই প্রান্তে কোনো পিচঢালা সংযোগ সড়ক নেই। অস্থায়ীভাবে মাটি ও বালুর ঢাল তৈরি করে বাসগুলো সেতুর ওপর ওঠানো হয়েছে। সেতু জুড়ে সারি সারি বাস দাঁড় করিয়ে রাখা হয়েছে। ‘শাহ গদি’, ‘এনআরবি পরিবহন’, ‘মমিন’সহ বিভিন্ন নামের ১৫ থেকে ২০টি যাত্রীবাহী বাস সেতুটিকে রীতিমতো টার্মিনালে পরিণত করেছে। বাসের ফাঁকে ফাঁকে সেতুর ঢালাই করা মেঝের ওপর কয়েকজন মৎস্য শ্রমিককে বিশাল আকৃতির কালো জাল বিছিয়ে মেরামত করতে দেখা যায়। সেতুর একপাশের রেলিং ঘেঁষে এবং সড়কের ওপর ছড়িয়ে-ছিটিয়ে আছে পলিথিনসহ স্তূপ করা নানা ধরনের আবর্জনা।

নতুন সেতুর এক প্রান্তে মাটি ও বালুর বিশাল স্তূপ এবং এর পাশেই একটি খননযন্ত্র (এক্সকাভেটর) পড়ে থাকতে দেখা যায়। সেতুর একপাশে অস্থায়ীভাবে কয়েকটি ভাসমান দোকানও বসানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক ভাসমান দোকানি বলেছেন, সেতুটিতে ওঠার কোনো জায়গা নেই। এটি ব্যবহার হয় না। এখানে মুখে দোকান বসিয়ে কোনোভাবে সংসার চালাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেননি। তবে তিনি বলেছেন, সেতুটি নির্মাণের সময় আমি দায়িত্বে ছিলাম না। তবে খোঁজখবর নিয়ে যতটুকু জানতে পেরেছি, জায়গা অধিগ্রহণের জটিলতার কারণে তখন সংযোগ সড়ক নির্মাণ করা যায়নি। এখন সেতুটি ব্যবহার উপযোগী করতে নতুন একটি প্রকল্পের আওতায় সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলেই এটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে তিনি জানান।

আলোচিত খবর

স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশের প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে ১৩ নভেম্বর শুক্রবার দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী উপরোক্ত বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। আক্রান্ত ব্যক্তিরাও যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন এবং যারা এখনো এ রোগে আক্রান্ত হননি, তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ ও শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সচেতন থাকা উচিত।

আরও পড়ুন

সর্বশেষ