
তুরস্কে শুরু হয়েছে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন কপ-৩১। ১১ নভেম্বর বুধবার থেকে শুরু হওয়া উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিশ্বের কয়েক ডজন নেতার। এবারের সম্মেলনে প্রভাবশালী যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, জার্মানি ও ইতালিসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানের অনুপস্থিত । তুরস্কের ভূমধ্যসাগরীয় পর্যটন শহর আন্তালিয়ায় দুই সপ্তাহব্যাপী এ সম্মেলন শুরু হয়েছে চলতি সপ্তাহের শুরুতে। ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, নেপালে প্রাণঘাতী বন্যা এবং ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানলের মতো ধারাবাহিক প্রাকৃতিক দুর্যোগের পর জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্বনেতাদের ওপর চাপ বাড়ছে।
১১ নভেম্বর ও ১২ নভেম্বর সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য দেবেন বিভিন্ন দেশের নেতারা। তাঁদের মধ্যে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। জি-৭ সদস্য দেশগুলোর মধ্যে একমাত্র যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বক্তব্য দেওয়ার কথা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ভন ডার লেয়েন সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় যাচ্ছেন। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সম্মেলনে অংশ নিচ্ছেন না। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিও প্রকাশিত অংশগ্রহণকারীদের তালিকায় নেই।
তবে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু বিষয়ক শীর্ষ কর্মকর্তা ওয়ার্কে হুকস্ট্রা মনে করেন বিশ্বনেতাদের অনুপস্থিতি অস্বাভাবিক কিছু নয়। বিভিন্ন বাস্তবতা ও দাপ্তরিক ব্যস্ততার কারণে অনেক সময় নেতাদের পক্ষে সম্মেলনে যোগ দেওয়া সম্ভব হয় না। ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এবারের জলবায়ু সম্মেলন নিয়ে প্রত্যাশাও খুব বেশি নয়।ফ্রান্স সরকার জানিয়েছে, ১১ নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধবিরতি দিবস হওয়ায় প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সম্মেলনে যোগ দিচ্ছেন না। ওই দিন দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এ ছাড়া বৃহস্পতিবার আয়ারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইউরোপীয় ইউনিয়নের একটি সম্মেলনেও তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্র ও চীনের অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অংশ নেওয়ার কোনো সম্ভাবনা নেই। প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার পর জলবায়ুবিষয়ক আন্তর্জাতিক আলোচনায় দেশটির অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।
চীনের প্রেসিডেন্ট সি চিনপিংও সম্মেলনে যোগ দিচ্ছেন না। তাঁর পরিবর্তে দেশটির প্রতিনিধিত্ব করবেন ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। সাধারণত কপ সম্মেলনে সরাসরি অংশ নেন না সি চিনপিং।
বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীন একই সঙ্গে গ্রিনহাউস গ্যাস নিঃসরণেরও সবচেয়ে বড় উৎস। ফলে বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগ সফল করতে দেশ দুটির সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে গুরুত্বপূর্ণ নেতাদের অনুপস্থিতির মধ্যেও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার উপস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখছেন জলবায়ু আন্দোলনকর্মীরা। বন উজাড়ের হার কমাতে দীর্ঘদিন ধরে কাজ করে আসা লুলার নেতৃত্ব জলবায়ু সুরক্ষার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তাঁদের আশা।জ্বালানির ব্যবহার বাড়ানো নিয়ে বিতর্কের আশঙ্কা কপ-৩১-এর আয়োজক দেশ তুরস্ক পরিবহন, ভবন ও শিল্প খাতে বিদ্যুতের ব্যবহার বাড়ানোর একটি স্বেচ্ছামূলক উদ্যোগের পক্ষে প্রচার চালাচ্ছে। ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করাই এ উদ্যোগের লক্ষ্য।