এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশের খাদ্য নিরাপত্তা সুসংহত করা ও প্রান্তিক কৃষকদের মাঝে আধুনিক ধানের জাত এবং প্রযুক্তির সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্যে নেত্রকোণার পূর্বধলায় কৃষক সমাবেশ, নমুনা শস্য কর্তন এবং বীজ ও সংরক্ষণ পাত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) পূর্বধলা উপজেলার বাদেবিন্না গ্রামে স্থাপিত ‘প্রযুক্তি গ্রাম’-এর বহুমুখী কার্যক্রম নিয়ে এই মাঠ দিবসের আয়োজন করা হয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর ‘স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি)’ প্রকল্পের অর্থায়নে এবং পূর্বধলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানটি বাস্তবায়িত হয়।

অনুষ্ঠানে আমন ২০২৬ মৌসুমের উচ্চফলনশীল ও স্বল্পমেয়াদি ব্রি ধান১০৩ জাতের নমুনা শস্য কর্তন করা হয়। পাশাপাশি আসন্ন বোরো ২০২৬-২৭ মৌসুম সামনে রেখে স্থানীয় কৃষকদের মাঝে উন্নতমানের বোরো ধানের বীজ এবং আধুনিক ‘এলএসটিডি বীজ সংরক্ষণ পাত্র’ বিতরণ করা হয়।
ব্রি আঞ্চলিক কার্যালয়, নেত্রকোণার বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান মোঃ খালিদ হাসান তারেকের সঞ্চালনায় এবং এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আমিরুল ইসলাম। এছাড়াও স্থানীয় কৃষি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী এতে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান বলেন, “গবেষণালব্ধ আধুনিক কৃষি প্রযুক্তি ও উচ্চফলনশীল জাতগুলো দ্রুততম সময়ে প্রান্তিক কৃষকের মাঠে পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য। পূর্বধলার এই প্রযুক্তি গ্রাম সেই লক্ষ্য বাস্তবায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত। নিচু ও বন্যাপ্রবণ এলাকার উপযোগী ব্রি ধান১১০ ছড়িয়ে দেওয়ার কার্যক্রম এবং বোরো-আমনের মাঝের সময়ে আউশ চাষ সম্প্রসারণের উদ্যোগ এ অঞ্চলের কৃষকদের দুর্যোগজনিত ক্ষতি থেকে রক্ষা করার পাশাপাশি খাদ্য নিরাপত্তাকে আরও সুসংহত করবে।” তিনি কৃষি যান্ত্রিকীকরণ, আলোকফাঁদ ব্যবহার ও বীজ সংরক্ষণ পাত্র বিতরণের এই উদ্যোগকে সমগ্র বাংলাদেশের জন্য অনুকরণীয় রোল মডেল হিসেবে উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে ড. মোঃ আনোয়ার হোসেন জানান, কৃষকরা যাতে এলাকার আবহাওয়া ও জমির ধরন বুঝে সঠিক জাত বেছে নিতে পারেন, সেজন্য গত বোরো মৌসুম থেকে এখানে ‘রাইস গার্ডেন’ স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে কৃষকরা মাঠে দাঁড়িয়েই বিভিন্ন জাতের ফলনের পার্থক্য সরাসরি পর্যবেক্ষণ করতে পারছেন। তিনি আরও বলেন, শস্যের নিবিড়তা বাড়াতে সরিষা চাষের উপযোগী স্বল্পমেয়াদি ব্রি ধান১০৩ এবং যেখানে সরিষা হয় না সেখানে বোরোর পর আউশ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে, যাতে কোনো জমি পতিত না থাকে। এছাড়া অঞ্চলভিত্তিক নতুন জাত উদ্ভাবনে উদ্ভিদ প্রজনন, বায়োটেকনোলজি ও হাইব্রিড রাইস বিভাগের গবেষণা ট্রায়াল এবং যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপণ ও ফসল কর্তন কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিশেষ অতিথি মোঃ আমিরুল ইসলাম বলেন, ব্রি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ প্রচেষ্টায় নেত্রকোণার ধান উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আসছে। যান্ত্রিক চাষাবাদে কৃষকদের উৎপাদন খরচ ও শ্রম সাশ্রয় হচ্ছে এবং আধুনিক বীজ সংরক্ষণ পাত্র ব্যবহারের ফলে এলাকায় মানসম্মত বীজের সংকট দূর হবে।অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা রাইস গার্ডেনের মাধ্যমে সরাসরি ফলন দেখে এবং বাম্পার ফলন পেয়ে আধুনিক চাষাবাদে ব্যাপক আগ্রহের কথা জানান।










