এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে অন্তত ৯০টির বেশি গ্রামে লক্ষাধিক মানুষ আজ ঈদ উদযাপন করছেন। প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতর উদযাপন করছেন তারা। দক্ষিণ চট্টগ্রামে ২০০ বছর ধরে এসব গ্রামে ঈদ উৎসব পালন করে আসছে।

জানা যায়, প্রায় ২০০ বছর আগে সাতকানিয়া উপজেলার মির্জাখীল গ্রামের হযরত মাওলানা মোখলেছুর রহমান জাহাঁগীরি (রহ.) হানাফি মাজহাবের আলোকে পৃথিবীর যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে তা অনুসরণ করে রোজা ও ঈদ পালনের ফতোয়া প্রদান করেন। সেই ধারাবাহিকতায় দরবারের অনুসারীরা সৌদি আরবসহ আরব বিশ্বের চাঁদ দেখার ঘোষণাকে গুরুত্ব দিয়ে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালন করে আসছেন।
আরব বিশ্বের চাঁদ দেখার খবর দেশি-বিদেশি গণমাধ্যমে নিশ্চিত হয়ে বৈজ্ঞানিকভাবে চাঁদের অবস্থান বিবেচনায় আজ শুক্রবার সে অনুযায়ী ঈদুল ফিতরের নামাজ সকাল ৮টায় আদায় করা হয়।
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, চন্দনাইশ, বোয়ালখালী, আনোয়ারা ও পটিয়া উপজেলায় আজ ঈদ পালনের গ্রামগুলো হচ্ছে- সাতকানিয়ার মির্জাখীল, ছোটহাতিয়া, আছারতলি; সোনাকানিয়া, লোহাগাড়ার কলাউজান, বড়হাতিয়া, চুনতি; বাঁশখালীর ছনুয়া, চাম্বল, শেখেরখীল; পটিয়ার হাইদগাঁও, বাহুলী, ভেল্লাপাড়া, মোহাম্মদ নগরসহ বিভিন্ন এলাকা।










