এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে আহত আহত হয়েছেন এক কৃষক। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেনীর ছাগলনাইয়ার পূর্ব জয়নগর সীমান্ত এলাকায় জমিতে কাজ করার সময় ঘটনাটি ঘটে। আহত কৃষকের নাম মো. মোশাররফ (৪৫)। তিনি ছাগলনাইয়ার পূর্ব জয়নগর গ্রামের পচা মিয়া বাড়ির মৃত মো. মোস্তফার ছেলে। মোশাররফ পেশায় কৃষিকাজ করেন। ঘটনার পর পরই তাকে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, জমিতে কাজ করার সময় হঠাৎ বিএসএফের ছোড়া গুলি এসে তার পিঠের বাম পাশে লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা তার শরীর থেকে কয়েকটি গুলির অংশ বের করতে সক্ষম হয়েছেন। তবে শরীরের ভেতরে আরও গুলির অংশবিশেষ রয়ে গেছে।
ফোনে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের বললেন, আমরা রাতে এ রকম একটা ঘটনা ঘটেছে শুনেছি। তার সঙ্গে যোগাযোগ করে পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।











