এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতারণার মামলায় কারাগারে থাকা সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিক জামিনে মুক্তি পেয়েছেন।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১২ মিনিটে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জেল সুপার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উচ্চ আদালতের জামিনের আদেশের প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর যাচাই-বাছাই ও আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে বিদিশাকে মুক্তি দেওয়া হয়।এর আগে গত ৬ সেপ্টেম্বর বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিদিশা সিদ্দিককে জামিন দেন। আদেশের অনুলিপি কারাগারে পৌঁছানোর পর তার মুক্তির আর কোনো আইনি বাধা ছিল না।
রাজধানীর গুলশান থানায় দায়ের করা ২০০৮ সালের একটি প্রতারণা মামলায় চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।ওই রায়ের পর তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি হলে গত ২৫ আগস্ট পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরদিন আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। পরে উচ্চ আদালতে আপিল ও জামিনের আবেদন করেন বিদিশা। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই তিনি জামিনে মুক্তি পেলেন।











