এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নিকলীতে ঘোড়াউত্রা নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নিকলী উপজেলা পরিষদের পূর্বদিকে বেড়িবাঁধসংলগ্ন ঘোড়াউত্রা নদীতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

নিকলী উপজেলা সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ নৌকা বাইচকে ঘিরে নদীর দুই পাড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ। সকাল থেকেই সড়ক ও নৌপথে বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ জড়ো হতে থাকেন অনুষ্ঠানস্থলে।
নিকলী ছাড়াও বাজিতপুর, কটিয়াদী, অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন, তাড়াইল, করিমগঞ্জ, কুলিয়ারচরসহ কিশোরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী নৌকা বাইচ দেখতে আসেন। নদীতে ছোট-বড় নৌকা নিয়েও অবস্থান নেন অনেকে।

বাইচ শুরু হতেই বৈঠার ছন্দ, মাঝিদের হর্ষধ্বনি আর ঢাকঢোলের শব্দে মুখর হয়ে ওঠে ঘোড়াউত্রা নদী। প্রতিযোগী নৌকাগুলো জয়ের লক্ষ্যে দ্রুতগতিতে নদীর বুক চিরে এগিয়ে গেলে দুই পাড়ের দর্শকদের মধ্যে দেখা দেয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।











