এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেন সমাজকল্যাণ মন্ত্রনালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় পরিদর্শনকালে চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন,চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, হাটহাজারী উপজেলা সমাজসেবা অফিসার মুজাহিদুল ইসলাম,মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু, আন্তর্জাতিক উশু বিচারক এবং কোচ আবদুল্লাহ আল ফয়সাল, আন্তর্জাতিক উশু বিচারক এবং কোচ ফারজানা খানমপ্রমূখ।মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান কেন্দ্রের নিবাসী শিশুরা। অত:পর সমাজকল্যাণ মন্ত্রী বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং কেন্দ্রের বাগানে পেয়ারার চারা রোপণ করেন। তিনি শিশুদের তৈরিকৃত ‘আলোকবর্তিকা’ শিরোনামে দেয়ালিকার দ্বাদশ সংখ্যা উন্মোচন করেন। অতঃপর মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার।

তিনি স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে কেন্দ্রের সার্বিক সেবা কার্যক্রম এর প্রবাহ চিত্র উপস্থাপন করেন। এরপর নিবাসী শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষভাগে শিশুরা মন্ত্রীর জন্য তাদের তৈরিকৃত পুঁতির তৈরি তাজমহল শোপিস উপহার দেন এবং কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে দেওয়া হয় বিশেষ সন্মাননা ক্রেস্ট। এছাড়াও মন্ত্রী কেন্দ্রের সার্বিক পরিবেশ,আবাসন ব্যবস্থা অফিস ব্যবস্থাপনাসহ নানাবিধ সেবা কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং কেন্দ্রের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। মন্ত্রীর পরিদর্শন কেন্দ্রের সেবা কার্যক্রমকে অধিক সমৃদ্ধ ও বেগবান করবে বলে বিশ্বাস করেন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার। এর আগে মন্ত্রী সরকারি শিশু পরিবার ও সেইফ হোম পরিদর্শন করেন।
উল্লেখ্য, সমাজকল্যাণ মন্ত্রনালয়াধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সমাজের সুবিধাবঞ্চিত, বিপন্ন,পথ শিশুদের সমাজের মূলস্রোত ধারায় ফিরিয়ে আনার প্রয়াসে নিরাপদ আশ্রয়, খাদ্য, বস্ত্র ,মৌলিক স্বাস্থ্যসেবা, শিক্ষা, ধর্মীয় ও নৈতিক শিক্ষা, জীবন দক্ষতা উন্নয়ন, মনোসামাজিক সহায়তা, কারিগরি প্রশিক্ষন চিত্ত বিনোদন, চাকুরীতে নিযুক্তকরণ, পুনর্বাসন/পুনএকত্রীকরণ ইত্যাদি নানাবিধ সেবা প্রদানের মাধ্যমে সমন্বিত সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।














