এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরে দুই কারণে রাজস্ব আয় বেড়েছে। প্রথমটি, বন্দরের সেবার ওপর ৪১ শতাংশের বেশি মাশুল আরোপ। দ্বিতীয়টি, আমদানি পণ্য বেশি সময় বন্দরে রাখার ডেমারেজ চার্জ। গত অর্থবছরে প্রতি মাসে আয় করত ৫৬১ কোটি টাকা। চলতি অর্থবছরে মাসে গড় আয় ৫৯২ কোটি টাকা।

প্রথম তিন মাসে রাজস্ব আয়ের এই অঙ্কে অদ্ভুত বৈপরীত্যের প্রমাণ মিলেছে। কাস্টমসের রাজস্ব ও আমদানি গ্রাফ যখন নিচের দিকে, তখন রাজস্ব আয় বাড়ল কীভাবে- এমন প্রশ্ন বেশ জোরালো হয়েছে। দেশে আমদানি কমেছে, কমেছে কনটেইনার পরিবহনের গতিও। যার প্রভাবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সবচেয়ে বড় রাজস্ব জোগানদাতা চট্টগ্রাম কাস্টম হাউজের আয় পড়েছে বড় ধরনের ঘাটতিতে। অর্থনীতির চেনা এই নিম্নমুখিতার মধ্যেও সম্পূর্ণ বিপরীত চিত্র চট্টগ্রাম বন্দরের আয়ে।
এদিকে মাশুল বাড়ার কারণে বন্দরের বাড়তি রাজস্ব আয় হয়েছে। বাড়তি মাশুল নিয়ে বেশি রাজস্ব আয় করে চট্টগ্রাম বন্দর খুশিতে থাকলেও তার খেসারত শেষ পর্যন্ত দিতে হচ্ছে ভোক্তাকে। বন্দরের মাশুল বাড়লে আমদানিকারকের ব্যয় বাড়ে। এর সঙ্গে যুক্ত হয় ডলারের বাড়তি বিনিময় মূল্য এবং ইয়ার্ডের চড়া স্টোরেজ রেন্ট। আমদানিকারক এই বাড়তি খরচের এক পয়সাও নিজের পকেট থেকে বহন করেন না। পণ্য আমদানির মোট ব্যয়ের সঙ্গে এই খরচ যোগ করে দেন।
জানা গেছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই চট্টগ্রাম বন্দরে কনটেইনার ওঠানামা ধারাবাহিকভাবে কমছে। এই অর্থবছরের প্রথম তিন মাসে ৮ লাখ ৬৩ হাজার একক কনটেইনার ওঠানামা হয়েছে। আগের ২০২৫-২৬ অর্থবছরের তুলনায় প্রায় ৭ শতাংশ কম। বন্দরে পণ্য ওঠানামা কমে যাওয়ার প্রমাণ মেলে চট্টগ্রাম কাস্টমসের তথ্যেও। কাস্টমসের হিসাবে আগের বছরের চেয়ে এই অর্থবছরের তিন মাসে আমদানি পণ্য কমেছে সাড়ে ১৭ শতাংশ।
পণ্য আমদানি কমে যাওয়া মানেই এর প্রভাব পড়বে চট্টগ্রাম কাস্টমসে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪২ হাজার ৬৩৭ কোটি টাকা। আদায় হয়েছে মাত্র ২৭ হাজার ৯৯৫ কোটি টাকা। অর্থাৎ ঘাটতি প্রায় ১৪ হাজার ৬৪২ কোটি টাকা।
সূত্র জানায়, বন্দরে কনটেইনার ওঠানামা কমল। কাস্টমসে আমদানি ও রাজস্ব আয়ও কমল। কিন্তু চট্টগ্রাম বন্দরের রাজস্ব আয় বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসেই (জুলাই-সেপ্টেম্বর) বন্দরের রাজস্ব আয় হয়েছে ১ হাজার ৭৭৫ কোটি টাকা। প্রতি মাসে গড়ে আয় হয়েছে ৫৯১ কোটি টাকা। আয়ের এই গতি ঠিক থাকলে বছর শেষে বন্দরের রাজস্ব আয় নতুন রেকর্ড গড়বে। যার পরিমাণ ৭ হাজার ১০০ কোটি টাকার বেশি।
চট্টগ্রাম চেম্বার প্রেসিডেন্ট মোহাম্মদ আমিরুল হক বললেন, বন্দরে ৪১ শতাংশ মাশুল বাড়ানোর কথা বলা হয়। বাস্তবে কোনো কোনো পণ্যে তো এই মাশুল চার গুণ পর্যন্ত বেড়েছে। এই বাড়তি মাশুল কিন্তু শেষ পর্যন্ত আমি দিচ্ছি না। ভোক্তার পকেট থেকে যাচ্ছে। আমাদের কস্ট অব ডুয়িং বিজনেস (ব্যবসা পরিচালন ব্যয়) বেড়েছে। এতে ভোক্তাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
প্রশ্ন রেখে এই ব্যবসায়ী আরও বলছিলেন, এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে রপ্তানি খাত। রপ্তানিকারকরা এমনিতেই চ্যালেঞ্জে আছেন। এই বাড়তি মাশুল রপ্তানিকারককে বিশ্বে আরও বেশি চ্যালেঞ্জে ফেলে দিচ্ছে। প্রতিযোগিতায় পড়ছেন পিছিয়ে। তাহলে কেন এই মাশুল বাড়ালেন।

জানা গেছে, ড. ইউনূসের অন্তর্র্বতী সরকারের সময় কোনো আলোচনা ছাড়াই চট্টগ্রাম বন্দর তাদের সেবার মাশুল ৪১ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন দেয়। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে তা কার্যকর করে। এর পর থেকেই বন্দরের রাজস্ব আয় লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে।৪১ শতাংশ মাশুল যোগ হওয়ায় বিগত ২০২৫-২৬ অর্থবছরে এই বাড়তি রাজস্ব আয়ের প্রমাণ মেলে। সেই অর্থবছর বন্দর ৬ হাজার ৮০০ কোটি টাকা আয় করে নতুন রেকর্ড গড়ে। অথচ ২০২৪-২৫ অর্থবছরে বন্দর আয় করেছিল ৫ হাজার ৩০০ কোটি টাকা। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে আয় করেছিল ৪ হাজার ৮০০ কোটি টাকা। চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৪১ শতাংশ মাশুল যোগ হয়ে রাজস্ব আয় বেড়ে ৭ হাজার ১০০ কোটি টাকা ছাড়াবে। অবশ্য এর পরের বছর থেকে বিদেশি অপারেটররা এই বাড়তি রাজস্ব ভোগ করবেন।
এই বাড়তি রাজস্ব আয়ের পেছনে মাশুলের পাশাপাশি ডলারের উচ্চ বিনিময় মূল্যও একটি কারণ। বন্দরের বেশিরভাগ মাশুল ডলারে নির্ধারিত হয়।
টাকার অবমূল্যায়নের কারণে টাকার অঙ্কে আয় বেশি দেখাচ্ছে। এ ছাড়া বাড়তি আয়ের আরেকটি কারণ বিলম্ব মাশুল বা ডেমারেজ চার্জ। দেশে পণ্যের চাহিদা কমে যাওয়ায় আমদানিকারকরা পণ্য যথাসময়ে এনেও ছাড় করছেন না। এর ফলে বিপুল পণ্য বন্দরে পড়ে থাকছে। এসব কনটেইনার থেকে বিপুল পরিমাণ স্টোর রেন্ট বা জরিমানা আদায় করেছে বন্দর।
বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদারের ভাষ্য, বন্দরের এই মুনাফা আসলে বাজারে নতুন করে মূল্যস্ফীতি উসকে দিচ্ছে এবং পণ্যের চড়া মূল্যের মাধ্যমে তা সাধারণ ভোক্তার পকেট থেকেই খসছে।









