
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, দুর্নীতি ও অনিয়ম বন্ধ করে চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। নগরবাসীর করের প্রতিটি টাকার হিসাব নিশ্চিত করার পাশাপাশি অনিয়মে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।সোমবার (৯ নভেম্বর) চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নগরবাসীর সেবা নিশ্চিত করার প্রতিষ্ঠান হলেও বিভিন্ন সময়ে প্রকাশিত সংবাদে এর অভ্যন্তরে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার চিত্র উঠে এসেছে। প্রকাশিত এক সংবাদ অনুযায়ী, গৃহকর নির্ধারণে অনিয়মের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের কর ৩ কোটি ৩০ লাখ টাকা থেকে কমিয়ে ১৮ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে রাজস্ব বিভাগের বিভিন্ন অনিয়মে সিটি করপোরেশনের ২২২ কোটি টাকার ক্ষতির তথ্য উঠে এসেছে। রূপালী বাংলাদেশ-এর এক প্রতিবেদনে ১৭৫ কোটি টাকার বেশি রাজস্ব হারানোর তথ্য প্রকাশিত হয়েছে।
তিনি বলেন, এসব ঘটনা চসিকের প্রশাসনিক কাঠামোয় জবাবদিহি ও স্বচ্ছতার ঘাটতি তুলে ধরে। নগরবাসীর করের প্রতিটি পয়সার হিসাব নিশ্চিত করতে হবে। দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িতদের দল-মত ও পদমর্যাদা বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে।জলাবদ্ধতা নিরসনে নেওয়া প্রকল্পগুলোর কাজ কবে শেষ হবে এবং নগরবাসী কবে স্থায়ীভাবে এ দুর্ভোগ থেকে মুক্তি পাবে, তার সুস্পষ্ট সময়সীমা জানানোর দাবি জানান জামায়াতের এ নেতা।
তিনি বলেন, প্রতি বছর বিপুল অর্থ ব্যয় করা হলেও সামান্য বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। অন্যদিকে নিয়মিত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের ঘাটতিতে সড়ক, নালা-নর্দমা ও জনবহুল এলাকায় ময়লা-আবর্জনা জমে থাকছে। মশার উপদ্রব ও অস্বাস্থ্যকর পরিবেশ জনস্বাস্থ্যের জন্য হুমকি তৈরি করছে। এ পরিস্থিতি মোকাবিলায় কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, নিয়মিত তদারকি ও সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন।
চসিক প্রশাসকের দায়িত্ব পালন প্রসঙ্গে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হওয়ার পরও ডা. শাহাদাত হোসেন মেয়রের দায়িত্ব পালন করে আসছিলেন। পরবর্তীতে সরকার তাকেই সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। মেয়াদ শেষ হওয়ার পরও মেয়রের পদে বহাল থাকা এবং পরে নতুন করে প্রশাসক হিসেবে নিয়োগের বিষয়টি তার পূর্ববর্তী দায়িত্বের বৈধতা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে।
তিনি বলেন, সরকার যদি তাকে প্রশাসক হিসেবে নতুন করে নিয়োগ দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে থাকে, তাহলে মেয়াদোত্তীর্ণ হওয়ার পর এতদিন কোন আইনি ভিত্তিতে তিনি মেয়রের দায়িত্ব পালন করেছেন, তার সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। জনগণের প্রতিষ্ঠান পরিচালনায় আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
নগরকে যানজটমুক্ত, নিরাপদ ও বাসযোগ্য করতে সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার পাশাপাশি হকারদের জীবিকা ও পুনর্বাসনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। হকার উচ্ছেদের নামে তাদের জীবিকার পথ বন্ধ না করে সুনির্দিষ্ট নীতিমালার আওতায় পুনর্বাসন এবং ব্যবসার উপযুক্ত স্থান নির্ধারণ করতে হবে।
একই সঙ্গে ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী করা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, অবৈধ দখল ও যানজট নিয়ন্ত্রণ এবং অপরাধপ্রবণ এলাকায় নিরাপত্তা জোরদার করার দাবি জানান তিনি।
মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনকে দুর্নীতি, দলীয় প্রভাব ও অদক্ষতার বলয় থেকে বের করে জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে চসিককে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। দুর্নীতি ও অনিয়মের তদন্ত, রাজস্ব ব্যবস্থার সংস্কার, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্ন নগরী গঠন, হকার পুনর্বাসন, যানজট নিয়ন্ত্রণ ও নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুছ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও মেয়রপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. এ কে এম ফজলুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান, অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, নগর কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, মাওলানা মমতাজুর রহমান, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, অধ্যাপক মুহাম্মদ সাইফুল্লাহ, কোতোয়ালি থানা আমির আমির হোসাইন, বন্দর থানা আমির মাহমুদুল আলম, ডবলমুরিং থানা আমির ফারুকে আজম ও ড. আ ম ম মসরুর হোসাইন প্রমুখ।