চট্টগ্রাম মহানগরের উত্তর কাট্টলীতে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা উপলক্ষে উক্ত ক্যাম্পে হিন্দু, মুসলিম ও বৌদ্ধ ধর্মাবলম্বীসহ মোট ৬৩০ জন মানুষ চক্ষু ও সাধারণ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
সোমবার দিনব্যাপী শ্রীশ্রী সেবাখোলা ও বৈকুন্ঠ ধাম উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে উত্তর কাট্টলী সেবাখোলা মন্দির প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে আগত সাধারণ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।চিকিৎসাসেবায় সহযোগিতা করে লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিট। ওষুধ সরবরাহে সহযোগিতা করে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড।
অনুষ্ঠানে অতিথি ছিলেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে। বিশেষ অতিথি ছিলেন বিএনপির ওয়ার্ড পর্যায়ের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম। তিনি বলেন, মানুষের কল্যাণে ধর্মীয় সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। চিকিৎসাসেবা মানুষের মৌলিক চাহিদা। এ ধরনের বিনামূল্যের ক্যাম্প সাধারণ মানুষের জন্য বড় সহায়তা।সভাপতিত্ব করেন শ্রীশ্রী সেবাখোলা ও বৈকুন্ঠ ধামের আহ্বায়ক সলিল সেন। এছাড়া এন্টন দাশ, ইকবাল, জুয়েল শীল, বিরাজ মণি আচার্য্য ও আশীষ দাশ বক্তব্য দেন।