
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে গভীর রাতে শিশুসহ ১১ জনকে বাংলাদেশে পুশইনের (জোরপূর্বক সীমান্ত পারাপার) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর নজরদারি ও তাৎক্ষণিক সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শুক্রবার (৫ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) আওতাধীন হরিপুর উপজেলার মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্র জানায়, সীমান্তে নিয়মিত টহলের অংশ হিসেবে গভীর রাতে সন্দেহজনক কিছু গতিবিধি বিজিবি সদস্যদের নজরে আসে। এ সময় ভারতীয় অংশ থেকে ৩ জন পুরুষ, ৪ জন নারী এবং ৪ জন শিশুসহ মোট ১১ জনকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছিল বিএসএফ। বিষয়টি টের পেয়ে দ্রুত পজিশন নেয় বিজিবি এবং সীমান্তে নিরাপত্তা জোরদার করে।

বিজিবির এমন কঠোর ও অনড় অবস্থানের মুখে পুশইনের চেষ্টা ব্যর্থ হয় এবং অনুপ্রবেশে ব্যর্থ ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, ওই ১১ জন বর্তমানে ভারতের সীমান্ত এলাকার ভেতরে অবস্থান করছে। সীমান্তে বিজিবির কড়া নজরদারি অব্যাহত রয়েছে।