এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী ইউনিয়ন মৎস্যজীবী উন্নয়ন ফেডারেশনের উদ্যোগে জেলেদের অধিকার ও সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে মঙ্গলবার (১৬ জুন ২০২৬) সকাল ১০টায় উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাঙ্গাবালী ইউনিয়ন ফেডারেশনের সভাপতি করুণা বেগম ও সহ-সভাপতি পান্না বেগমের নেতৃত্বে জেলেদের বিভিন্ন দাবি ও সমস্যা তুলে ধরা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উত্তরণের ফিশনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার শেখ রুসায়েদ উল্লাহ এবং ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আরিফুজ্জামান।
আলোচনা সভায় ফেডারেশনের সভাপতি করুণা বেগম সুবিধাবঞ্চিত মৎস্যজীবী পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অন্তর্ভুক্তির দাবি জানান। তিনি বিশেষভাবে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা এবং অসুস্থ ব্যক্তিদের জন্য সহায়তা প্রদানের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেন।

জবাবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, সংশ্লিষ্ট ব্যক্তিরা অনলাইনে আবেদন সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র সমাজসেবা কার্যালয়ে জমা দিলে তাদের সেবা প্রদানে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
এ সময় উত্তরণের ফিশনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার শেখ রুসায়েদ উল্লাহ ও ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আরিফুজ্জামান সমাজসেবা কর্মকর্তার প্রতি আহ্বান জানান, যাতে প্রকৃত জেলেরা কোনো ধরনের সরকারি সেবা থেকে বঞ্চিত না হন।
পরিশেষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। সভায় জেলেদের কল্যাণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।















