
টানা বর্ষণের ফলে পাহাড়ধসের আশঙ্কা বৃদ্ধি পাওয়ায় ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসরত বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার নগরীর বিভিন্ন পাহাড়ঘেঁষা ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনকালে তিনি বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানান। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি জোরদার এবং প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, "মানুষের জীবনের চেয়ে মূল্যবান কিছু নেই। পাহাড়ধসের ঝুঁকি উপেক্ষা করে কেউ যেন ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান না করেন। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলুন। সামান্য অসতর্কতাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।"
তিনি আরও বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন বর্ষাকালীন দুর্যোগ মোকাবিলায় সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। নগরবাসীর জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল বিভাগ সমন্বিতভাবে কাজ করছে।
এ সময় মেয়র নগরবাসীর প্রতি পাহাড় কাটা ও পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণ বসতি নির্মাণ থেকে বিরত থাকার আহ্বান জানান এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ করেন।