এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের ডবলমুরিং থানা এলাকায় নিরাপত্তাকর্মী আবু সিদ্দিক হত্যা মামলার সাত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন- শেখ আহমেদ রুবেল (৩৫), মো. সাইফুল ইসলাম (২৭), মনিরুজ্জামান মামুন (২৮), মো. জামাল উদ্দিন মিজান (৪৫), মো. গোলাম রব্বানী (৫৫), মো. আবুল বাশার (৩৯) এবং পেয়ার আহাম্মদ (৫৫)।এরা সকলে ওই মামলার এজাহারভুক্ত আসামি। শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ।

মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, গত ১৫ জুলাই রাত ১০টার দিকে এজাহারভুক্ত আসামিসহ কয়েকজন সংঘবদ্ধভাবে একটি গ্যারেজে প্রবেশ করে নিরাপত্তাকর্মী আবু সিদ্দিকের ওপর হামলা চালায়। তারা তাকে কিল-ঘুষি ও এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে গ্যারেজে থাকা একটি রিকশার চাকার লোহার রিং দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের স্বজন মো. আসলামের দায়ের করা এজাহারে উল্লেখ করা হয়, হত্যাকাণ্ডের পর মরদেহ গুমের উদ্দেশ্যে আসামিরা সেটি একটি মিনি পিকআপে তুলে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়। এ ঘটনায় শুক্রবার জুলাই ডবলমুরিং মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে এজাহারভুক্ত সাত আসামিকে গ্রেফতার করে পুলিশ।

সিএমপি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে মামলায় নিরপরাধ ব্যক্তি ও সাক্ষীদের গ্রেফতারের অভিযোগও উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, এজাহারভুক্ত আসামিদেরই গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, ঘটনার নেপথ্যের উদ্দেশ্য এবং অন্য কেউ জড়িত আছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।











