এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

। নেত্রকোনা জেলা শহরের রাজুর বাজার রেল কালভার্ট এলাকায় আন্তঃনগর ট্রেনের নিচে কাটা পড়ে মুহিদ খান রিফাত (২২) নামের এক পোশাক কর্মী নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৭ জুলাই) ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহত মুহিদ খান রিফাত নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের বড় পাইকুড়া গ্রামের মঈনুল কবীর খানের ছেলে।তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছুটি নিয়ে আন্তঃনগর ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনে করে বাড়ি ফিরছিলেন রিফাত। ভোর নাগাদ পরিবারের সদস্যরা তাকে মোবাইল ফোনে বারবার চেষ্টা করেও যোগাযোগ করতে ব্যর্থ হন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের মাধ্যমে তারা রিফাতের মৃত্যুর খবর জানতে পারেন। দুর্ঘটনার পর ট্রেনের চাকায় কাটা পড়ে রিফাতের মরদেহ ছিটকে রেলপথের পাশের একটি ডোবায় পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহের পাশ থেকে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও গার্মেন্টসকর্মীর পরিচয়পত্র ছড়ানো অবস্থায় উদ্ধার করা হয়।
নেত্রকোনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান নিহতের মামা লিলু মড়লের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আকমল। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ঘটনাস্থলেই রাখা হয়েছে।

বিষয়টি ইতিমধ্যেই মোহনগঞ্জ রেলওয়ে (জিআরপি) পুলিশকে অবহিত করা হয়েছে। জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে এবং এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা তারাই গ্রহণ করবে।










