চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার চশমা হিল এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কারা জড়িত তা তদন্ত করছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ৬ থেকে ৭ জনের একটি দল বাসভবনের ভেতরে পেট্রোলবোমাসদৃশ বস্তু নিক্ষেপ করলে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে। তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ছিলেন।বর্তমানে বাসভবনটি খালি অবস্থায় রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই বছরে চশমা হিলের এই বাসভবনে এটি নিয়ে চার দফা হামলার ঘটনা ঘটল। ২০২৪ সালের ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় প্রথম দফায় হামলা হয়। একই বছরের ৫ আগস্ট দ্বিতীয় দফায় ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এরপর ২০২৫ সালের ডিসেম্বরে তৃতীয় দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সর্বশেষ এ ঘটনায় বাড়িটিতে আবারও আগুন দেওয়া হলো।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ৬ থেকে ৭ জনের একটি দল বাসার ভেতরে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে। পরে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।