
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভোলা জেলা এসোসিয়েশনের উদ্যোগে একাডেমিক ও ক্যারিয়ার বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৯ আগস্ট) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি অডিটোরিয়ামে ভোলা জেলা স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ খালেদ আফজাল।
চবি উপ-উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। তাই একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেদের দক্ষতা ও ব্যক্তিত্ব বিকাশে মনোযোগী হতে হবে।
বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বের কথা উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের নিয়মিত ইংরেজি চর্চা ও যোগাযোগ দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ খালেদ আফজাল বলেন, “নিয়মিত চর্চা ও সুশৃঙ্খল জীবনযাপন মানুষের অভ্যাসে পরিণত হয়, যা পরবর্তীতে তার চরিত্র ও ব্যক্তিত্ব গড়ে তোলে। তাই এখন থেকেই ইতিবাচক ও কার্যকর অভ্যাস তৈরি করতে হবে, কারণ ভালো চরিত্রই ভবিষ্যৎ সাফল্যের ভিত্তি।
সেমিনারে আলোচনা করেন ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. নুর-ই-আলম ও অধ্যাপক ড. আব্দুল করিম, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল আলম, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির এভিপি ও শাখা ব্যবস্থাপক জাবেদ হাবিব এবং উদ্যোক্তা মাহবুবুর রহমান সেলিম।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান বলেন, "ভোলা জেলা স্টুডেন্টস' অ্যাসোসিয়েশন সবসময় শিক্ষার্থীদের আগ্রহ ও প্রয়োজনকে প্রাধান্য দিয়ে শিক্ষার্থীবান্ধব কাজ করে আসছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের কার্যকর কর্মসূচি অব্যাহত থাকবে।"