পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। ২৪ ঘণ্টায় এই অভিযানে ১৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৫ হাজার ৭৮৪টি ইয়াবা, ৮৮ কেজি ১৫৩ গ্রাম গাঁজা, ৬৮১ লিটার ২৫ মিলিলিটার চোলাই মদসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৩৭টি মামলা দায়ের করা হয়। পরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুরে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় বুধবার (১৯ আগস্ট) ২৪ ঘণ্টায় রেঞ্জের বিভিন্ন এলাকায় ১৫১টি অভিযান পরিচালনা করে এসব মাদক উদ্ধার করা হয়।
অভিযানে ৫ হাজার ৭৮৪ পিস ইয়াবা, ৮৮ কেজি ১৫৩ গ্রাম গাঁজা, ৬৮১ লিটার ২৫ মিলিলিটার চোলাই মদ, ৪৭ বোতল স্কফ সিরাপ, ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত মোবাইল কোর্টে ১০০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের কাছ থেকে ৩৬ হাজার ২৮০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।