
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের দ্বিতীয় তলা থেকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে ৩ জন সদস্য নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় বিমানবাহিনীর আরও ৪ জন সদস্য গুরুতর আহত হয়েছেন।সোমবার রাত ১০টা ২০ মিনিটের দিকে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল।সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী।তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও কয়েকজন সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে। রাত ১০টা ২০ মিনিটের দিকে তাদের বহনকারী পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়।