নেপাল ও তিব্বতে ভূমিধ্বস ও আকস্মিক বন্যায় প্রাণহানি, ক্ষয়ক্ষতিতে সহমর্মিতা প্রকাশে প্রদীপ প্রজ্জ্বলণ,সমবেত প্রার্থনা, ধ্যান, প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা, প্রতিকার ও পরিবেশ রক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম নগরের নন্দনকাননস্থ চট্টগ্রাম বৌদ্ধ বিহারে সোমবার (৩১ আগস্ট) রাতে বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এই সহমর্মিতা ও শান্তি কামনার প্রার্থনায় সূত্রপাঠ এবং মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান ভিক্ষু প্রিয় রত্ন মহাথের।এসময় সূত্রপাঠে অংশগ্রহণ করেন বিহারের ভিক্ষু সংঘ।
সমবেত প্রার্থনা শেষে বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিলের সভাপতি স্থপতি বিজয় তালুকদারের সঞ্চালনায় মুখ্য আলোচক প্রিয়রত্ন মহাথের বলেন, সকল সংস্কার অনিত্য। প্রাণী জগৎকে টিকে থাকতে হলে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করতে হবে। আর একমাত্র মনুষ্যদ্বারা সম্ভব প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা বা ধংস করা। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে সকলের পজিটিভ আচরণ এব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনায় প্রিয়বোধি ভিক্ষু বলেন, আজ যে বৈশ্বিক উষ্ণতায় হিমবাহের বরফ গলে যাওয়া থেকে শুরু করে, ভূমি ধ্বস, অনাবৃষ্টি, নদীর ভাঙন সব ধরনের দুর্যোগের কারন কোন না কোনভাবে মানবজাতি। তাই মানুষের সৃষ্ট কারন গুলো নিয়ন্ত্রণ করতে না পারলে ভবিষ্যতে সারা পৃথিবীতে প্রাকৃতিক দূর্যোগ আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে ,আলোচনায় বিহারের অন্যান্য ভিক্ষুরাও অংশগ্রহণ করেন। সবশেষে বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিল এর সদস্য এবং বিহারের দায়ক দায়িকাদের উপস্থিতিতে মোমবাতি প্রজ্জ্বলণ করা হয়।