
চট্টগ্রামে ইয়াবা উদ্ধারের মামলায় মো. শফিকুল ইসলাম নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় দেন।একই মামলায় মনিরুল ইসলাম নামের আরেক আসামিকে খালাস দেওয়া হয়েছে।দণ্ডিত মো.শফিকুল ইসলাম (৪৬) কুষ্টিয়া জেলার সদর থানার শালদহ পশ্চিমপাড়ার আফি শেখের বাড়ির মৃত আব্দুল শেখের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর বলেন, আটজন সাক্ষীর মধ্যে পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত শফিকুল ইসলামকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামি মনিরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।
আদালত সূত্র জানা গেছে, ২০১৯ সালের ৭ জুলাই রাত ১১টা ৪০ মিনিটে কর্ণফুলী থানার মইজ্যারটেক মোড় এলাকার কর্ণফুলী সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তার হাতে থাকা একটি লাল রঙের শপিং ব্যাগ তল্লাশি করে ১০টি বেটনোভেট-সি ক্রিমের টিউবের ভেতর বিশেষ কৌশলে রাখা ৪ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবাগুলো মনিরুল ইসলামের কাছ থেকে কিনেছেন বলে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান শফিকুল। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করা হয়। আদালতে ২০২১ সালের ৭ ডিসেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।