চট্টগ্রাম মহানগরীর মধ্যম হালিশহর এলাকায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে আদর্শপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।হত্যার শিকার গৃহবধূ হলেন সানজু বেগম (৪০)। ঘটনার দুই ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিসহ অভিযুক্ত স্বামী মোহাম্মদ জাবেদকে আটক করে এসআরবি-৭।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সানজু বেগম ও তার স্বামী মোহাম্মদ জাবেদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জাবেদ স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করার হুমকি দেন এবং পরে উপর্যুপরি ছুরিকাঘাত করেন।
নিহতের ভাই আকামাম জানান, ঘটনার সময় সানজু বেগমের ছেলে তাকে ফোন করে বিষয়টি জানায়। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় বোনকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। এসআরবি-৭ কর্তৃক ইতোমধ্যে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন বলেন, স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিও উদ্ধার করা হয়েছে।