
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল, নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ অক্টোবর (বুধবার) নেত্রকোণা ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।নেত্রকোণা জেলা তাঁতি দলের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ লেলিন এবং সাধারণ সম্পাদক ফারুক মীর সুয়েল-এর যৌথ আহ্বানে অনুষ্ঠিত এ সভায় জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ মূলত তিনটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন:শারদীয় দুর্গাপূজায় সম্প্রীতি ও নিরাপত্তা: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যাতে অত্যন্ত আনন্দমুখর, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য তাঁতি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান জেলা নেতৃবৃন্দ।
সংগঠন শক্তিশালীকরণ ও ইস্পাতকঠিন ঐক্য: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং রাজপথের যেকোনো আন্দোলন-সংগ্রাম বেগবান করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করার ওপর জোর দেওয়া হয়।
কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আকুল আবেদন: তাঁতি দলের কেন্দ্রীয় নতুন কমিটিতে আবুল কালাম আজাদ-কে সভাপতি এবং হাজী মোজিবুর রহমান-কে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চেয়ে তারেক রহমানের প্রতি জোরালো দাবি ও আকুল আবেদন জানান নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, ত্যাগী ও সৎ নেতৃত্বের মাধ্যমেই রাজনীতিতে পরিচ্ছন্নতা আসে। তৃণমূলকে শক্তিশালী করে আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে তাঁতি দল অগ্রণী ভূমিকা পালন করে যাবে।