
চট্টগ্রামের কয়েকটি মণ্ডপে দুর্গাপূজার মহাষ্টমী তিথিতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে নগরের পাথরঘাটার শান্তনেশ্বরী মাতৃমন্দিরে তিন কিশোরীকে দেবী দুর্গার প্রতীক হিসেবে পূজা করা হয়। এ উপলক্ষে মন্দিরে দর্শনার্থীদের ভিড় দেখা যায়। একই দিনে রাজাপুর লেনের রাধা গোবিন্দ মন্দিরেও কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।
শান্তনেশ্বরী মাতৃমন্দিরের অধ্যক্ষ মোহন্ত শ্রীল শ্যামানন্দ দাশ জানান, তন্ত্রশাস্ত্র মতে, ১৬ বছরের কম বয়সী মেয়েকে কুমারী হিসেবে পূজা করা হয়। বয়স ও বৈশিষ্ট্য অনুসারে কুমারীদের বিভিন্ন নামে পূজা করার রীতি রয়েছে। এবার মন্দিরে তিন কিশোরীকে কুমারী হিসেবে পূজা করা হয়েছে।তারা হলো সেন্ট স্কলাস্টিকা কিন্ডারগার্টেন স্কুলের ছয় বছর বয়সী শিক্ষর্থী রাধেশ্রী দত্ত বৃন্দা, সেন্ট জনস গ্রামার স্কুলের তৃতীয় শ্রেণির ১১ বছর বয়সী শিক্ষার্থী ঋত্বিকা দাশ এবং বিয়াম ল্যাবরেটরি স্কুলের কেজি শ্রেণির সাত বছর বয়সী শিক্ষার্থী অদিশ্রী কর।
শ্যামানন্দ দাশ আরও জানালেন, কুমারী পূজায় জাতি, ধর্ম ও বর্ণের কোনো ভেদাভেদ নেই। দেবীজ্ঞানে যেকোনো বর্ণের কুমারী পূজনীয়। কুমারী পূজার দার্শনিক তাৎপর্য হলো পরমার্থ দর্শন ও পরমার্থ অর্জন। কুমারী প্রকৃতি ও নারীশক্তির প্রতীক। কুমারী পূজা ছাড়া দুর্গাপূজা সম্পূর্ণ হয় না বলে প্রচলিত।
এদিকে মহাষ্টমী উপলক্ষে সারা দেশের বিভিন্ন পূজামণ্ডপে সকাল থেকে পূজা-অর্চনা, পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ চলছে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে আরতি। উৎসবকে ঘিরে সকাল থেকেই বিভিন্ন মণ্ডপে দর্শনার্থীদের উপস্থিতি দেখা গেছে।