
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে বিমানবন্দর ও একটি তেল স্থাপনায় পৃথক হামলায় তিনজন নিহত হয়েছে।দেশটির আরব নিউজ জানিয়েছে, সৌদি আরামকোর শায়বাহ তেলক্ষেত্রের এক প্রক্রিয়াকরণ স্থাপনাকে লক্ষ্যস্থল করে ছোড়া একটি ড্রোন সফলভাবে বাধা দিয়ে ধ্বংস করা হয়, কিন্তু এর পড়ন্ত ধ্বংসাবশেষের আঘাতে ২ জন নিহত ও ২ জন আহত হয।

এক বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, এই হামলা প্রচেষ্টায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে, তাদের একজন ফিলিপিনো ও অপরজন নেপালি। পাশাপাশি আরও দুইজন আহত হয়েছেন।এ ঘটনায় আহত দুজনের একজন পাকিস্তানের ও অপরজন ভারতের নাগরিক। বৃহস্পতিবার ভোররাতে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার দাম্মামের বাদশা ফাহাদ বিমানবন্দরে এক হামলায় একজন নিহত ও আরও আটজন আহত হয়েছেন। আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক।
পৃথকভাবে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের উপর থেকে চারটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।এর আগে বুধবার জোট বাহিনী সৌদি আরব লক্ষ্য করে ছোড়া সাতটি ড্রোন বাধা দিয়ে ধ্বংস করার কথা জানিয়েছিল। যেগুলোর মধ্যে একটি মদিনা অঞ্চলে ধ্বংস করা হয় বলে দাবি করেছে তারা।
রয়টার্স জানিয়েছে, বুধবার ইয়েমেনের হুতিরা জানিয়েছে, সৌদি আরবের পবিত্র শহর মদিনার দিকে কোনো ড্রোন ছোড়েনি তারা আর সৌদি আরবের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানও পরিচালনা করেনি।ইয়েমেনের সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী পূর্বাঞ্চল ও মদিনায় ড্রোন ধ্বংসের যে দাবি করেছিল তা প্রত্যাখ্যান করেছেন হুতিদের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন বাহিনী হুতি মিলিশিয়াদের সঙ্গে লড়াই করছে। গত কয়েক সপ্তাহ ধরে এই লড়াই তীব্র আকার ধারণ করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের আরেকটি রণক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে।
সংগৃহীত - আরব নিউজ ও রয়টার্স