
পুলিশের প্রত্যেক সদস্যের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা জননিরাপত্তা নিশ্চিতকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টায় ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কোর্স ২০২৬’ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
ওয়াচার কনস্টেবলদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, দায়িত্ব পালনে আরও দক্ষ ও কার্যকর করে গড়ে তোলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাদের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণ কোর্সের গুরুত্ব তুলে ধরে সিএমপি কমিশনার বলেন, পুলিশের প্রত্যেক সদস্যের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা জননিরাপত্তা নিশ্চিতকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ।প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করতে হবে। জনগণের আস্থা অর্জন, পেশাদারিত্ব বজায় রাখা এবং সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে একটি দক্ষ, মানবিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে সবাইকে সচেষ্ট থাকতে হবে।
এসময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ইন-সার্ভিস ট্রেনিং) অনিন্দিতা বড়ুয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।