
তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মোংলা বন্দরের সুন্দরীকোঠা এলাকায় ১ হাজার ২০০ টন কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এমভি ফুলবাড়ী নামের জাহাজটি ডুবে গেলেও জাহাজে থাকা ৯ নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।মঙ্গলবার (২৭ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মো. শফিকুল ইসলাম সরকার।
কার্গো জাহাজটির নাবিকরা জানান, মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি ইয়াস জুপিটার থেকে কয়লা বোঝাই করে মোংলার উদ্দেশে আসছিল এমভি ফুলবাড়ী। পথিমধ্যে সুন্দরীকোঠা এলাকায় পৌঁছালে এমটি জান্নাতুল ফেরদৌস নামের একটি তেলবাহী ট্যাংকার জাহাজটিকে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাকবলিত হয়ে কয়লাবোঝাই কার্গো জাহাজটি ডুবে যায়।