চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলী হোসেনকে হত্যার দায়ে মো.জাহাঙ্গীর আলম (৪৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন একটি আদালত। সন্দীপ থানার এ ঘটনায় মঙ্গলবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিনিয়র দায়রা জজ কাজী আবদুল হান্নানের আদালত এ রায় দেন।দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আলম, সন্দীপ উপজেলার মগধরা ইউনিয়নের ওয়াচ্ছের বাড়ির মৃত আব্দুল হালিমের ছেলে। নিহত আলী হোসেন একই এলাকার আবু তাহেরের ছেলে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে সন্দীপের মগধরা ইউনিয়নের পেলিশ্যার বাজার থেকে কমলা সড়কে ওয়াচ্ছের গো বাড়ির সামনে পাকা রাস্তায় পাঁচ বছরের শিশু আলী হোসেন মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে আছাড় মাড়ে। ফলে দুই কান, নাক ও মাথার পিছনের অংশ দিয়ে রক্ত নির্গত হয়। পরে তাকে উদ্ধার করে সন্দীপ মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পথে তার মৃত্যু হয়। পরিবারের বিরোধের জেরে শিশুটিকে হত্যার অভিযোগে তার প্রবাসী বাবা আবু তাহের সন্দীপ থানায় হত্যা মামলা করেন।
আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. গিয়াস উদ্দীন চৌধুরী বলেন, সন্দীপ থানার পাঁচ বছরের শিশু আলী হোসেনকে হত্যার মামলা সাক্ষ্য প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি মো.জাহাঙ্গীর আলমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।