চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য হলেন, এসআই মাহবুবুল ইসলাম, কনস্টেবল ফয়েজ আহম্মেদ ও গাজী মোহাম্মদ মহসিন।চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে গত বুধবার এ সংক্রান্ত একটি আদেশ জারি হয়েছে বলে জানালেন সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম।তবে বৃহস্পতিবার(২৯ অক্টোবর) বিষয়টি জানাজানি হয়।
সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম বললেন, ইয়াবা আত্মসাতের অভিযোগ তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে তাদের থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
এর আগে গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে লোহাগাড়া উপজেলার পুটিবিলা এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে ট্রাকটি থামান তিন পুলিশ সদস্য। এ সময় তাদের সঙ্গে রবিন ও মোমেন নামে দুজন কথিত সোর্সও ছিলেন। দুই কনস্টেবল ট্রাকে উঠে চালকের পাশে বসে সেটির নিয়ন্ত্রণ নেন। মোটর সাইকেলে এসআই মাহবুবুল ইসলাম ও মাইক্রোবাসে দুই সোর্স তাদের অনুসরণ করতে থাকেন।
ট্রাকটি বিভিন্ন সড়ক ঘুরিয়ে সাতকানিয়া উপজেলার কেরাণীহাট রেলক্রসিং এলাকায় নেওয়া হয়। সেখানে চালককে নামিয়ে দিয়ে ট্রাকে তল্লাশি করা হয়। ট্রাকে চালকের আসনের নিচ থেকে তিন পোটলায় রাখা ৩০ হাজার ইয়াবা জব্দ করে ট্রাকটি ছেড়ে দেওয়া হয়। পরে ইয়াবাগুলো জব্দ না দেখিয়ে তারা আত্মসাত করেন বলে অভিযোগ উঠেছে।