কক্সবাজারের টেকনাফে জোড়া খুনের মামলার এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে এসআরবি-৭। বুধবার (১১ নভেম্বর) এসআরবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।নগরের চাঁন্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মিজানুর রহমান (২৭) ও আব্দুল মোনাফ (২৭)। দুজনই কক্সবাজারের টেকনাফ এলাকার বাসিন্দা।
এসআরবি-৭ সূত্র জানায়, গত ৪ নভেম্বর টেকনাফের হ্নীলা ইউনিয়নের পৃথক দুটি স্থান থেকে মো. মোক্তার কামাল (৩৯) ও মো. আকবরের (২৩) মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে টেকনাফ থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়। মামলা হওয়ার পর এজাহারভুক্ত প্রধান আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।
গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭ জানতে পারে, মামলার কয়েকজন আসামি চট্টগ্রাম নগরের চাঁন্দগাঁও এলাকায় অবস্থান করছেন। এর পরিপ্রেক্ষিতে গত ৯ নভেম্বর এসআরবি-৭ ও এসআরবি-১৫-এর একটি যৌথ দল অভিযান চালায়।
অভিযানে বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে পশ্চিম ফরিদাপাড়া এলাকা থেকে মামলার ২ নম্বর আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে একই এলাকা থেকে মামলার ৪ নম্বর আসামি আব্দুল মোনাফকে গ্রেফতার করা হয়।
এসআরবি-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেফতার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁন্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।