চট্টগ্রামে এক লন্ড্রি দোকানীকে মারধরের ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের এক নেত্রী। ভিডিওতে এক লন্ড্রি দোকানীকে চড়-থাপ্পড় দিতে দেখা যায়। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন পুরুষও ওই ব্যক্তিকে মারধর করেন। ওই দোকানীর বিরুদ্ধে নিজের একটি ভিডিও নিয়ে ফেসবুকে অশালীন মন্তব্য করার অভিযোগ এনেছেন নেত্রী।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরের বাকলিয়া থানার তুলাতলী নয়াবাজার এলাকার শাপলা চত্বরে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ব্যক্তির নাম খোরশেদ আলম (৩৮)। ওই এলাকায় তার একটি লন্ড্রির দোকান রয়েছে।
রাতেই মারধরের ভিডিওটি প্রকাশ করেন চট্টগ্রাম মহানগর এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক তানিয়া আমিন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, নারীকে অসম্মান নয়, সম্মানেই সমাজ শক্ত হয়। জাতীয় নারীশক্তি।
এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, এনসিপি নেত্রীকে নিয়ে অশালীন মন্তব্যের জেরে একটি ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে খোরশেদ আলমকে থানায় নিয়ে আসা হয়। ঘটনাস্থলে মারধরের কোনো ঘটনা পুলিশ দেখতে পায়নি। তার বিরুদ্ধে নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের কার্যক্রমে সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ( ১১ নভেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, একটি লন্ড্রি দোকানে দাঁড়িয়ে থাকা খোরশেদ আলমকে চড়-থাপ্পড় মারছেন তানিয়া আমিন। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন পুরুষও ওই ব্যক্তিকে মারধর করেন। একপর্যায়ে তানিয়াকে বলতে শোনা যায়, ‘এই ধরনের পোস্ট করার সাহস পাস কোথা থেকে? এ ধরনের পোস্ট তুই করবি কেন? তারা মেয়েদের দুর্বল মনে করে। ঘরে তোর মা-বোন নেই?’ ভিডিওর শেষ দিকে ঘটনাস্থলে পুলিশের একটি গাড়ি আসতে দেখা যায়।
ঘটনার ব্যাখ্যা দিয়ে পরে আরেকটি ফেসবুক পোস্ট দেন তানিয়া আমিন। সেখানে তিনি দাবি করেন, সাত দিন আগে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে তিনি একটি ভিডিও প্রকাশ করেছিলেন। খোরশেদ আলম সেই ভিডিও ডাউনলোড করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে অশালীন ভাষায় পোস্ট করেন। তাকে সতর্ক করার পর পোস্টটি মুছে ফেললেও দুই-তিন দিন পর আবার একই ধরনের পোস্ট দেন।
তানিয়া আমিন মুঠোফোনে বলেন, তার এসব কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাইলে তিনি আমার সঙ্গে খারাপ আচরণ করেন এবং আমার গায়ে হাত তুলতে উদ্যত হন। একপর্যায়ে বাধ্য হয়ে আমরা তার গায়ে হাত তুলি। পরে তাকে পুলিশের কাছে নিয়ে যাই। তিনি আরও বলেন, প্রথমে পরিবারের কথা বিবেচনা করে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন। তবে পুলিশ তার মুঠোফোন পরীক্ষা করে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ও নাশকতার বিষয়ে যোগাযোগের তথ্য পেয়েছে বলে তাকে জানিয়েছে।