
বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় ক্রয়সূত্রে পাওয়া জমির দখল কে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা, মারধর, রক্তাক্ত জখম ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।এই ঘটনায় একই পরিবারের কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। আহতদের ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ১২ নভেম্বর সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আব্দুল হাকিম (৪৫) ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাকিউল আযম বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ আব্দুল হাকিম ও তার ভাইয়েরা সরদার পাড়া এলাকার একটি মৌজায় ১১ শতক জমি ক্রয় সূত্রে মালিকানা লাভ করেন। দীর্ঘদিন ধরে তারা ঐ জমি ভোগদখল করে আসছিলেন। তবে অভিযুক্তরা জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিলেন এবং বিভিন্ন সময় তাদের ভয়ভীতি ও হুমকি দিচ্ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়,ঘটনার দিন আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে ঐ জমিতে প্রবেশ করে চাষাবাদ শুরু করেন। খবর পেয়ে মোঃ আব্দুল হাকিম ও তার ভাই মোঃ খোকন (৪০), ছেলে মিরাজ (২০) ও ভাতিজা সাব্বির সহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় তারা বাধা দিলে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
একপর্যায়ে প্রতিবাদ করলে অভিযুক্তদের একজন বাঁশের লাঠি দিয়ে মোঃ আব্দুল হাকিমের ভাই খোকনের মাথায় আঘাত করেন,এতে তার মাথায় কাটা রক্তাক্ত জখম হয়। অপর একজনের লাঠির আঘাতে মোঃ আব্দুল হাকিম এর বাম হাতে গুরুতর আঘাত লাগে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া অভিযুক্তরা একত্রিত হয়ে মিরাজ ও সাব্বির কে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। এ সময় স্থানীয় কয়েকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। অভিযোগকারীর দাবি, ঘটনার সময় উপস্থিত সাক্ষীদের সামনেই অভিযুক্তরা তাদের মারধর ও প্রাণনাশের হুমকি দেন।পরে আহতরা ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন। চিকিৎসাধীন থাকায় তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়েছে বলে জানান অভিযোগকারী। অভিযোগপত্রে সাক্ষী হিসেবে মোঃ নুর ইসলাম ও মোঃ পলাশের নাম উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিল আযম বলেন, “এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।অভিযোগকারী মোঃ আব্দুল হাকিম ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্রয় সূত্রে পাওয়া জমির নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।