চট্টগ্রাম মহানগরের বাকলিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তক্তারপুল এলাকায় নিজের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত যুবকের নাম মো. সোবহান (৩০)। তিনি ওই এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের নুর ইসলাম ও জুহারা বেগমের ছেলে। পুলিশ বলছে, তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ অন্তত ১৯টি মামলা আছে।
এদিকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো, আমির হোসেন ওরফে বুলেট (২৩) ও মোমেনা বেগম (৪৫)। বাকলিয়া থানা ও এসআরবির যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানালেন, রাতে খাবার শেষে সোবহান ঘরের বাইরে বের হন। এ সময় কয়েকজন অস্ত্রধারী তাদের বাড়ির দরজা বাইরে থেকে আটকে দিয়ে সোবহানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। রাত ১টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাবি রোকসানা আক্তার জানিয়েছেন, গত ৩ নভেম্বর রাতেও কয়েকজন তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে বাড়ির গেট ও দরজায় কোপ দিয়ে ভাঙচুর করে। সোবহান হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেছেন তার ভাই মোহাম্মদ বাদশা।
এর আগে তক্তারপুল এলাকায় মাদক কারবারের আধিপত্য নিয়ে গত বছরের ২৫ জুলাই মহিউদ্দিন নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডে ভাড়াটে খুনিদের অস্ত্র দিয়ে সহায়তার অভিযোগে সোবহানকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ বলছে, এলাকায় মাদক কারবারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করেই একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে।
নগর পুলিশের সহকারী কমিশনার (চকবাজার জোন) মোহাম্মদ সাজ্জাদ হোসাইন জানিয়েছেন, ওই এলাকায় মাদক কারবারিদের কয়েকটি পক্ষ সক্রিয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
তিনি বলেন, হত্যাকাণ্ডের পরপরই তক্তারপুল এলাকায় যৌথ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশি বন্দুক, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।