
জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে একটি নয়, অন্তত পাঁচটি যান্ত্রিক ত্রুটি শনাক্ত হয়েছিল। উড়োজাহাজটির কারিগরি নথি ও রক্ষণাবেক্ষণের রেকর্ড পর্যালোচনা করে এসব ত্রুটির তথ্য পেয়েছে তদন্ত কমিটি। এ ঘটনায় উড়োজাহাজটির অতীতের যান্ত্রিক সমস্যা, রক্ষণাবেক্ষণ এবং ভিভিআইপি ফ্লাইটের জন্য সেটি নির্বাচনের যৌক্তিকতা খতিয়ে দেখা হচ্ছে।
গত ২৯ অক্টোবর জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রার আগে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭-এ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। উড়োজাহাজটি রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে একাধিক ত্রুটির সংকেত পান পাইলট। পরে উড্ডয়ন বাতিল করে উড়োজাহাজটিকে পার্কিং বে-তে ফিরিয়ে নেওয়া হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল দল ও জাপানি টেকনিশিয়ানদের প্রচেষ্টায় ত্রুটি মেরামত এবং প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা নেওয়ার পর প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।
এ ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছিল, উড়োজাহাজটির হাইড্রোলিক স্পয়লার নম্বর-১-এর কার্যক্রমে সমস্যা দেখা দিয়েছিল। পরে প্রকৌশলীরা সংশ্লিষ্ট স্পয়লারটি নিষ্ক্রিয় করে উড়োজাহাজটিকে উড্ডয়নের উপযোগী করেন।
ঘটনার পরদিন ৩০ অক্টোবর চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তদন্তে উড়োজাহাজটির কারিগরি লগ বই ও রক্ষণাবেক্ষণের রেকর্ড পর্যালোচনা করে পাঁচ ধরনের যান্ত্রিক ত্রুটির তথ্য পাওয়া গেছে। এগুলোর মধ্যে রয়েছে স্পয়লার ও ফ্ল্যাপ সম্প্রসারণ ব্যবস্থা, পিটট হিটিং ব্যবস্থা এবং উড়োজাহাজের ডান ও বাম পাশের র্যাম এয়ার ফ্যান ব্যবস্থা।এদিকে ভিভিআইপি ফ্লাইটের নিরাপত্তায় কোনো ধরনের অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।