এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নুরুজ্জামান (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার যাত্রাবাড়ী বাজার এলাকায় স্থানীয় লোকজনের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত মো. নুরুজ্জামান পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ভটপুর গ্রামের আবুল কালামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নুরুজ্জামানকে আটক করে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে চার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত নুরুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।
















