আজঃ রবিবার ৩ মে, ২০২৬

সরগরম চট্টগ্রামের সংস্কৃতি অঙ্গন

নিজস্ব প্রতিবেদক

আগামী ৮ জুন শিল্পকলা একাডেমির নির্বাচন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সরগরম চট্টগ্রামের সংস্কৃতি অঙ্গন
আগামী ৮ জুন শিল্পকলা একাডেমির নির্বাচন
ছবি-২
চট্টগ্রাম ব্যুরো: শিল্পকলা একাডেমির নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে চট্টগ্রামের সংস্কৃতি অঙ্গন। আগামী ৮ জুন এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির নির্বাচন হয়েছিল ২০১৮ সালে। তিন বছর মেয়াদের ওই কমিটি ছয় বছর পার করার পর সেটি বিলুপ্ত করে সম্প্রতি এডহক কমিটি গঠন করা হয়, যার মেয়াদ শেষ হচ্ছে জুনে। এ অবস্থায় গত ২ মে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাদি উর রহমান জাদিদ নির্বাচনী উপ-কমিটির রিটার্নিং অফিসার হিসেবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এতে ৮ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, গত ৯ মে থেকে মনোনয়ন পত্র বিতরণ শুরু হয়। ১৫ মে ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষদিন। গতকাল রোববার মনোনয়নপত্র বাছাই হয়। ২৬ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে জানা গেছে।
এদিকে নির্বাচন আয়োজনের তোড়জোড়ের মধ্যে আবৃত্তিশিল্পী রাশেদ হাসান গত ১৪ মে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি দেন। জেলা প্রশাসক পদাধিকার বলে শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সভাপতি। স্মারকলিপিতে তিনি বিভিন্ন অভিযোগ তুলে পুনঃতফসিল ঘোষণার দাবি জানান।
জানতে চাইলে রাশেদ হাসান বলেন, গঠনতন্ত্রে বার্ষিক সাধারণ সভার কথা উল্লেখ আছে। কিন্তু গত ছয় বছরে সাধারণ সদস্যদের নিয়ে একটি সভাও করা হয়নি। নির্বাচনের পর সহ-সভাপতি রণজিৎ রক্ষিত মারা গেছেন। শূন্যপদ পূরণ করা হয়নি। গঠনতন্ত্রে বলা আছে, তিনবছর পর কমিটি অটো বিলুপ্ত হয়ে যাবে। সেই কমিটি যে আরও তিন বছর তাদের কর্মকাণ্ড পরিচালনা করল, সেটা তো অবৈধ। ছয় বছরে সদস্যদের একবারও চাঁদা পরিশোধের জন্য বলা হয়নি। অথচ গঠনতন্ত্রে বলা আছে, দুইবছর চাঁদা পরিশোধ না করলে তার সদস্যপদ বাতিল হয়ে যাবে। ছয়বছর পর এতে গত ৪ এপ্রিল মেসেজ পেলাম, ২২ এপ্রিলের মধ্যে বার্ষিক চাঁদা পরিশোধ করে সদস্যপদ নবায়ন করতে হবে। চাঁদা পরিশোধের সময় দিল ৪ এপ্রিল থেকে ২২ এপ্রিল। তখন ঈদুল ফিতর, পহেলা বৈশাখের বন্ধের সময়। অনেক সদস্য চাঁদা জমা দিতে পারেননি। মোট সদস্য ছিল ৬৭১ জন। যতদূর খবর পেয়েছি, নবায়ন করেছে ৫৪৩ জন। ১৫-২০ জনের মতো মারা গেছেন। তাহলে আরও একশ’রও বেশি সদস্য তাদের সদস্যপদ নবায়ন করতে পারেননি।
নির্বাচনের তফসিল ঘোষণার আগে সাধারণ সদস্যদের মতামত নেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, হঠাৎ করে বলা হল ৮ জুন নির্বাচন। কোরবানির ঈদের মাত্র আটদিন আগে, তার ওপর হজের সময়, উপজেলা নির্বাচন চলছে, এটি কি শিল্পকলার নির্বাচন করার উপযুক্ত সময় হলো? এটা হীরক রাজার দেশ নাকি? নির্বাচন দেবেন আর সদস্যদের সঙ্গে কোনো আলাপ করবেন না? সদস্যদের এত অমর্যাদা কেন করছেন ?
কমিটির আর্থিক কর্মকাণ্ডে কোনো স্বচ্ছতা ছিল না অভিযোগ করে রাশেদ হাসান বলেন, করোনার সময় শিল্পকলা একাডেমির মাধ্যমে অনেক সদস্যকে সরকারি সহায়তা দেওয়া হয়েছে, এটি আমরা দেখেছি। কিন্তু কাকে কত টাকা দেওয়া হয়েছে, কত টাকা এসেছে, কিভাবে বিলিবণ্টন হয়েছে এর কোনো স্বচ্ছতা নেই। গত ছয় বছরে শিল্পকলা একাডেমি বরাদ্দ করা অর্থ কীভাবে খরচ করেছে, সেটিও সদস্যদের জানানো হয়নি।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে সদ্যবিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু বলেন, বার্ষিক সাধারণ সভা হয়নি, এটি অসত্য তথ্য। প্রথমবার সাধারণ সভা হয়েছে। এরপর করোনার কারণে দুই বছর করতে পারিনি। বর্তমান জেলা প্রশাসক দায়িত্ব নেয়ার পর কমিটি বিলুপ্ত করে এডহক কমিটি গঠন করে দেন। সেই কমিটির মেয়াদ জুন পর্যন্ত। স্বাভাবিকভাবেই এডহক কমিটিকে জুনের মধ্যে নির্বাচন দিয়ে বিদায় নিতে হবে। অর্থনৈতিক কার্যক্রমের বিষয় বলা হচ্ছে। এখানে তো সাধারণ সম্পাদকের কোনো এখতিয়ার নেই। শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার পদাধিকার বলে কমিটির অর্থ সম্পাদক আর জেলা প্রশাসক সভাপতি। খরচের কোনো বিল-ভাউচার কিংবা চেকে সাধারণ সম্পাদকের স্বাক্ষর কিংবা মতামত নেওয়ার কোনো গঠনতান্ত্রিক বিধান নেই বলে তিনি জানান।
কিছু সদস্যপদ নবায়ন করতে না পারার অভিযোগের বিষয়ে বাবু বলেন, সদস্যপদ নবায়নের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, ফেসবুকে শিল্পকলা একাডমির পেইজে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আমরাও নিজেরা নবায়নের অনুরোধ করে নিজেদের টাইমলাইনে পোস্ট করেছি, প্রত্যেক সদস্যকে মেসেজ দেওয়া হয়েছে। এরপরও অবহিত না করার যে বিষয় বলা হচ্ছে, সেটা একান্তই তাদের ব্যক্তিগত। আর কীভাবে বললে অবগত হতেন সেটা আমার জানা নেই।
যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী কংকন দাশ বলেন, নির্বাচন সংক্রান্ত কিংবা জেলা শিল্পকলা একাডেমির যে কোনো বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষ অর্থাৎ জাতীয় শিল্পকলা একাডেমি, জেলা প্রশাসক এবং এডহক কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত। ঘোষিত তফসিল অনুযায়ী যদি নির্বাচন হয়, তাহলে অবশ্যই অংশগ্রহণ করবো। যদি পুনঃতফসিল হয়, তাহলে সে অনুযায়ী অংশ নেব। আমরা এখন সাধারণ সদস্য মাত্র। এখানে আমাদের সিদ্ধান্তের কোনো বিষয় নেই।
জানা গেছে, পুনঃতফসিলের দাবি জানানো রাশেদ হাসান প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি। কংকন দাশ একই সংগঠনের সহ-সভাপতি। সেই সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল সদস্য পদে নির্বাচন করছেন। রাশেদ হাসানের সঙ্গে স্মারকলিপি জমা দেয়া আবৃত্তিশিল্পী সেলিম রেজা সাগরও সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সাইফুল আলম বাবু প্রশ্ন তুলেছেন, বার্ষিক সাধারণ সভা কিংবা আর্থিক বিষয়াদি নিয়ে অভিযোগ গত চার বছরে কেন তোলা হয়নি। শিল্পকলা একাডেমি একটি সরকারি সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এটি নাচ-গানের কোনো ক্লাব নয়। গত নির্বাচনের সময়ও এ ধরনের নানা অভিযোগ তোলা হয়েছিল। বলা হচ্ছে, চার বছর ধরে সাধারণ সভা হয়নি, অনিয়ম হয়েছে। তাহলে চার বছরে একজন সদস্যও কেন বিষয়টি বললেন না। ৪ এপ্রিল সদস্যপদ নবায়নের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এরপর ২২ এপ্রিল পর্যন্ত সময় ছিল। কেউ তো এসে বললেন না যে, সময় বাড়াতে হবে। কেউ বললেন না আপনারা মিটিং ডাকুন।
বাবু আরও বলেন, জেলা প্রশাসকের কাছে গিয়ে স্মারকলিপি দিয়ে অভিযোগ করার দরকার ছিল না, বিষয়টা তো বসেই সমাধান করা যেত। বাইরে বাইরে কথা না বলে, আমরা তো সবাই বন্ধুবান্ধব, সংস্কৃতিকর্মী, আমরা তো একসঙ্গে বসে কথা বলতে পারতাম। এভাবে আলোচনার মাধ্যমে তো বৃহৎ সাংস্কৃতিক প্রতিষ্ঠানটিকে ছোট করা হচ্ছে, সংস্কৃতিকর্মীদের ছোট করা হচ্ছে, যে ৫৪৩ জন তাদের সদস্যপদ নবায়ন করেছেন, তাদেরও ছোট করা হচ্ছে।
সাইফুল আলম বাবু বলেন, আসলে আমি গত ছয় বছর ধরে মাঠে ছিলাম, করোনার সময় সংস্কৃতিকর্মীদের পাশে ছিলাম। এর ফলে আমার যে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, সেটা ক্ষুন্ন করার জন্য কেউ কেউ মরিয়া হয়ে উঠেছেন। যারা সকালে ডিসি অফিসে গিয়ে স্মারকলিপি দিয়েছেন, বিকেলে তাদের কেউ কেউ আবার নির্বাচনের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এতে বোঝা যায়, একটা পরিস্থিতি তৈরি করার জন্য এটা করা হচ্ছে। নির্বাচন বানচালের পরিস্থিতি।
জানতে চাইলে রাশেদ হাসান আরো বলেন, অনেকে বলছেন- এতদিন পর কথাগুলো কেন বলছেন? কখন বলব? ছয়বছরে একটা সাধারণ সভা হয়নি, কোথায় বলব? কেউ কেউ বলছেন- শেষ মুহূর্তে এসে কেন বলছেন? আমি বললাম- শিল্পকলার মেম্বার কী আমি একজন? আপনারা পাবলিকলি বলেননি কেন? শিল্পকলার সদস্যদের কাজ কি শুধু নির্বাচনে ভোট দেওয়া?
আমি আমার প্রতিবাদটা জানিয়ে রাখলাম। নতুন তফসিল ঘোষণার দাবি করেছি এবং বিদ্যমান তফসিলে নির্বাচনে অংশ নেয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। এরপরও যদি নির্বাচন জোরপূর্বক করে ফেলে, তাহলে করবে। আমি তো আর রাজনৈতিক দলের কর্মী না যে, মারামারি করবো। নির্বাচন হয়ে গেলে হয়ে যাবে। শিল্পকলার সেক্রেটারি হওয়া না হওয়া আমার জন্য বড় বিষয় নয়, আমি তো রাজনৈতিক দলের সদস্য নই, আমার মূল পরিচয় আমি একজন শিল্পী।
সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে চাইলে একুশে পদকপ্রাপ্ত নাট্যজন আহমেদ ইকবাল হায়দার বলেন, শিল্পকলার নির্বাচন নিয়ে কিছু কিছু কথাবার্তা হচ্ছে শুনেছি। কেন, ঠিক কী কারণে সমস্যা, সেটা বলতে পারছি না। দুয়েকটি অনলাইন পত্রিকায় কিছু নিউজ দেখেছি। সেখানে বার্ষিক সাধারণ সভা না হওয়া, আর্থিক কিছু বিষয়ে অভিযোগ তোলা হয়েছে। অভিযোগগুলো যৌক্তিক, তবে যার বা যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, তাদেরও বক্তব্য থাকতে পারে, সেটা দেখলাম না। যার কারণে সামগ্রিক বিষয় নিয়ে একটা গ্যাপ তৈরি হয়েছে। কেউ ক্ষমতায় গেল বা কোনো পোস্টে বসলো মানেই সব দায়দায়িত্ব তার, বিষয়টা এমন নয়। আমারও তো দায়দায়িত্ব আছে। দিনশেষে ক্ষমতায় যাওয়া ব্যক্তি যেমন শিল্পকলার একজন সাধারণ সদস্য, আমিও একজন সাধারণ সদস্য। আবার দিনশেষে আমরা সবাই সংস্কৃতিকর্মী। সুতরাং সমস্যা থাকলে, সেটা আমরা বসে ঠিক করে ফেলতে পারতাম। কারণ শিল্পীদের জন্যই শিল্পকলা।
তিনি আরও বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। সুন্দরভাবে নির্বাচন হয়ে যাওয়াটাই কাম্য। তবে তিন বছরের নির্বাচন ছয় বছরে হওয়া কাম্য নয়। সাংবাদিকদের নির্বাচন, আইনজীবীদের নির্বাচন যদি মেয়াদের মধ্যে হতে পারে, সংস্কৃতিকর্মীদেরটা হতে পারবে না কেন? নির্বাচন যদি সঠিক সময়ে হয়ে যেত, তাহলে এসব জটিলতা তৈরি হতো না। সার্বিকভাবে বলতে পারি যে, একটা ঐক্যমত্যে পৌঁছে সুন্দরভাবে নির্বাচনটা হওয়া অসম্ভব কিছু নয়, এটার জন্য এত অভিযোগ, পাল্টা অভিযোগের প্রয়োজন ছিল না।
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত নাট্যজন রবিউল আলম বলেন, একটা নির্বাচন যেহেতু হচ্ছে, এখানে পক্ষে-বিপক্ষে কথা আসবেই। এটাকে খুব বড়ো করে দেখার কিছু নেই বলে আমি মনে করি। দেশের অনেক শিল্পকলা একাডেমিতে তো নির্বাচনই হয় না। খোদ ঢাকাতেও হয় না। সুতরাং নির্বাচন হলে যে শিল্পকলায় খুব বড়কিছু হয়ে যাবে আর না হলে শিল্পকলা ধ্বংস হয়ে যাবে, সেটা আমি মনে করি না। গত ছয় বছর তো একটা কমিটি ছিল। তাদের তো খুব বেশি কর্মকাণ্ড আমি দেখিনি জাতীয় দিবসে ফুল দেয়া ছাড়া। সেক্রেটারি খুবই একটিভ ছিলেন, উনি ক্যারিশমেটিক লোক। বলতে গেলে, উনি একাই পুরো কমিটিকে ধরে রেখেছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ভাঙ্গুড়ায় ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন ও বর্ণাঢ্য শোভাযাত্রা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। শ্রমিকদের অধিকার আদায়ের ঐতিহাসিক লড়াইয়ের এ দিন কে স্মরণ করে বিশ্বব্যাপী পালিত হয়েছে এই দিবসটি। রাষ্ট্রীয়ভাবে মে দিবস পালন করছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় পাবনার ভাঙ্গুড়া উপজেলা সিএনজি মালিক ও শ্রমিক সমিতি এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভাঙ্গুড়া উপজেলা শাখার আয়োজনে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’। মহান মে দিবসের ইতিহাসের সূচনা ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয় এবং দিবসটি আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি পায় ।

শিল্প বিপ্লব-পরবর্তী সময়ে শ্রমিকদের দিনে ১০ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হলে তারা ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে সংগঠিত হয়ে ওঠে। ওই বছরের ১ মে দেশজুড়ে ধর্মঘট ও বিক্ষোভ শুরু হয়, যার কেন্দ্রবিন্দু ছিল শিকাগো।আন্দোলনের ধারাবাহিকতায় ৪ মে সংঘটিত হে মার্কেট বোমা বিস্ফোরণ ও পুলিশের গুলিতে বেশ কয়েকজন নিহত ও বহু মানুষ আহত হন। পরবর্তীকালে কয়েকজন শ্রমিক নেতাকে বিতর্কিত বিচারে মৃত্যুদণ্ড দেয়া হলে তা বিশ্বব্যাপী প্রতিবাদের জন্ম দেয় এবং শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়।

সেই স্বরণে ভাঙ্গুড়া উপজেলা সিএনজি মালিক ও শ্রমিক সমিতি এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভাঙ্গুড়া উপজেলা শাখার আয়োজনে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি ভাঙ্গুড়া বাস স্ট্যান্ড শহীদ মিনার থেকে শুরু করে শরৎনগর বাজারে দিকে রওনা হয়। শরৎনগর বাজারের মেইন মেইন সড়ক প্রদক্ষিণ করে কলেজপাড়া মোড়ের ব্রিজ পার হয়ে, ভাঙ্গুড়া বাজারের মেইন মেইন সড়ক প্রদক্ষিণ করে পরবর্তীতে ভাঙ্গুড়া বাস স্ট্যান্ড শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। এ সময় ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাকিউল আযমের নেতৃত্বে গাড়ি বহ পুলিশ শোভাযাত্রাটিকে নিরাপত্তা প্রদান করেন।

আপন ভাই কে তুলে নেওয়ায় ফেসবুকে পোস্ট; লাঞ্চিত করল বিএনপি নেতার ভাই সাংবাদিককে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আপন ছোট ভাই কে তুলে নেওয়ার ঘটনা ফেসবুকে প্রকাশ করায় এক জনৈক সাংবাদিক কে প্রকাশ্যে মারধর করেছে, ভাঙ্গুড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদকের ছোট ভাই শরীফ সহ একটি সংঘবদ্ধ চক্রের নাম উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোঃ শাহিবুল ইসলাম পিপুল ভাঙ্গুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সিএনজি স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক পিপুল দৈনিক বাংলা ট্রিবিউন-এর পাবনা জেলা প্রতিনিধি এবং দৈনিক যুগান্তরের ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, একই দিন বিকাল প্রায় ৫ টার দিকে কলেজ পাড়া এলাকায় ফিরোজ, হাসিব, মারুফ ও আল-আমিন সহ কয়েক জন যুবক জোরপূর্বক সাংবাদিক পিপুলের ছোট ভাই ইয়াসিন আলী সামী কে হাসপাতাল পাড়া সংলগ্ন শিশুকুঞ্জ এলাকা থেকে তুলে নিয়ে ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজ মাঠে নিয়ে যায়।
বিষয়টি জানার পর পিপুল তাৎক্ষণিকভাবে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ কে বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে পাঠায়।

এ ঘটনার পর পিপুল নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। অভিযোগ অনুযায়ী, ওই পোস্টকে কেন্দ্র করেই পরবর্তীতে উত্তেজনা সৃষ্টি হয়। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ‘বাহার’ নামে একব্যক্তি ফোন করে তার অবস্থান নিশ্চিত করে ও পোস্ট নিয়ে প্রশ্ন তোলে।

কিছুক্ষণ পর পিপুল ভাঙ্গুড়া সিএনজি স্ট্যান্ড এলাকায় পৌঁছালে ফিরোজ ও তার সাথে থাকা এক যুবক পরিচয় নিশ্চিত করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং তারাই তার ভাইকে তুলে নিয়েছিল বলে স্বীকার করে। সেখান থেকে সরে আসার চেষ্টা করলে শরীফ ফোনে যোগাযোগ করে পিপুলের অবস্থান জেনে নেয়।

পরবর্তীতে শরীফের নেতৃত্বে ১২/১৫ জনের একটি দল সিএনজি স্ট্যান্ড এলাকায় তাকে ঘিরে ধরে মারধর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তানভীর নামে এক ব্যক্তি তাকে জোরপূর্বক দাঁড়িয়ে থাকা।
একটি সিএনজিতে তুলে দেওয়ার চেষ্টা করে। তবে কৌশলে সেখান থেকে বের হয়ে পাশের একটি চায়ের দোকানে আশ্রয় নিয়ে পিপুল রক্ষা পায়।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় ভাঙ্গুড়া থানার এস আই আল-আমিন হোসেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তিনি ঘটনাটির ভিডিও ধারণ করেন। হামলাকারীরা চলে যাওয়ার সময় বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক পিপুল স্থানীয় সহকর্মীদের সঙ্গে আলোচনা করে আনুষ্ঠানিকভাবে ভাঙ্গুড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আলোচিত খবর

সৌদি আরব থেকে আসছে আরো ১ লাখ টন অপরিশোধিত তেল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সৌদি আরব থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রামের পথে রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ৫ মে রাতে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। রোববার চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে অপরিশোধিত তেল নিয়ে জাহাজটি আসছে।

জানা গেছে, চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারীতে (ইআরএল) কাঁচামাল হিসেবে ক্রুড অয়েল ব্যবহৃত হয়। আমদানিকৃত ক্রুড এখানে পরিশোধনের পর সরবরাহ করা হয় জ্বালানি তেল বিপণনকারী কোম্পানিগুলোর কাছে। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে ক্রুড অয়েল আনতে না পারায় কাঁচামাল সংকটে গত ১২ এপ্রিল থেকে রিফাইনারিটির প্রধান প্ল্যান্টসহ দুটি প্ল্যান্ট বন্ধ রয়েছে। নতুন চালান এলে ইউনিট দুটি পুনরায় উৎপাদনে ফিরতে সক্ষম হবে।

চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত জানান, সৌদি আরব থেকে ‘এমটি নাইনেমিয়া’ নামের একটি জাহাজ এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে আসছে। এটি এরইমধ্যে লোহিত সাগর অতিক্রম করেছে এবং নিরাপদ রুট ধরে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। ইয়েমেন উপকূলের ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে জাহাজটি বিকল্প পথ ব্যবহার করছে।

তিনি বলেন, জাহাজটি সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ২১ এপ্রিল সকালে যাত্রা শুরু করে। এর আগে, রাতভর তেল লোডিং কার্যক্রম সম্পন্ন করা হয়। এই চালান দেশে পৌঁছালে ইস্টার্ন রিফাইনারির উৎপাদন কার্যক্রম স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। কাঁচামালের সংকটে সম্প্রতি শোধনাগারটির কার্যক্রম সীমিত হয়ে পড়েছিল। জাহাজ হরমুজ প্রণালীতে জটিল পরিস্থিতির কারণে আরেকটি তেলবাহী সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকা পড়েছে।

জ্বালানি খাত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশে মোট চাহিদার বড় অংশই আমদানিনির্ভর। পরিবহন খাত সবচেয়ে বেশি জ্বালানি ব্যবহার করে। এরপর রয়েছে কৃষি, বিদ্যুৎ ও শিল্প খাত। এসব খাতে ডিজেলের চাহিদা সবচেয়ে বেশি। এর পরেই রয়েছে ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই চালান দেশে পৌঁছালে জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা ফিরে আসবে এবং উৎপাদন কার্যক্রমও স্বাভাবিক হবে বলে তারা মনে করেন।

আরও পড়ুন

সর্বশেষ