বছরে বর্জ্য উৎপাদন হয় ১৯ লাখ টন চসিক সংগ্রহ করে মাত্র নয় লাখ টন

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগীর বাসিন্দাদের বছরে বর্জ্য উৎপাদন হয় ১৯ লাখ টন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) বর্জ্য সংগ্রহ করে মাত্র নয় লাখ টন।
বাকি ১০ লাখ টন বর্জ্য গিয়ে পড়ছে খাল-নালা ও নদীতে। এই বিশাল পরিমাণ বর্জ্য সংগ্রহ করতে না পারাকে নগরীর জলাবদ্ধতার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করছেন সংশ্লিষ্টরা।

বিশেষজ্ঞরা বলছেন, যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধ এবং নির্ধারিত সময়ে, নির্দিষ্ট স্থানে নগরীর বাসিন্দাদের বর্জ্য ফেলা নিশ্চিত করতে আইনের কঠোর প্রয়োগ করতে হবে। বর্জ্য সংগ্রহ ও অপসারণ ব্যবস্থা উন্নত করতে হবে সিটি কর্পোরেশনের। নয়তো জলাবদ্ধতার নিরসনের প্রকল্প বাস্তবায়ন হলেও অর্থের অপচয় ছাড়া কোন কাজে আসবে না।

এদিকে শুধু নালা-খাল পরিষ্কার করলেই হবে না, নগরবাসীকে সচেতন করতে পারলেই জলাবদ্ধতার সুফল পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, নালা পরিষ্কার করলাম, খাল পরিষ্কার করলাম। কিন্তু প্লাস্টিকের বোতল, পলিথিন এগুলো বাইরে থ্রো করছি, এগুলো এরপর নালায় যাচ্ছে। পরে সেখান থেকে জলাবদ্ধতার কারণ হিসেবে চিহ্নিত হচ্ছে। প্রথমে নগরবাসীকে সচেতন করা হবে। তাতেও কাজ না হলে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে।

অন্যদিকে নগরীর ৭০ লাখ মানুষের এই বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা না আনলে জলাবদ্ধতা নিরসনে সাড়ে ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন চার প্রকল্প ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন করছে সরকারের তিন সংস্থা। এর মধ্যে সাড়ে আট হাজার কোটি টাকা ব্যয়ে মূল প্রকল্পটি নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। যা বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। প্রকল্পটির অধীনে নগরের ৩৬টি খাল পরিষ্কার ও সংস্কার করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। প্রকল্পটি বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সিটি কর্পোরেশনের সংগ্রহের বাইরে থাকা প্রতিবছর উৎপাদিত ১০ লাখ টন বর্জ্য। এসব বর্জ্য গিয়ে পড়ছে খালে। পরিষ্কারের পরদিনই বর্জ্যে ভরাট হয়ে যাচ্ছে খাল। ফলে প্রকল্পের তিন ভাগের বেশি কাজ শেষ হলেও জলাবদ্ধতা নিরসন দৃশ্যমান হচ্ছে না।

প্রকল্পটির পরিচালক সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের লেফটেন্যান্ট কর্নেল মো. ফেরদৌস আহমেদ বলেন, প্রকল্পের আওতায় থাকা খালগুলো একাধিকবার পরিষ্কার করা হয়েছে। কিন্তু আবর্জনা অপসারণের পরদিন গিয়ে দেখা যায় খাল ভরাট হয়ে আছে। অনেক জায়গায় প্রতিদিন বাসা-বাড়ি থেকে সংগ্রহ করা বর্জ্য রাখা হয় খালের পাড়ে। খোলা জায়গায় রাখা এসব বর্জ্যরে অধিকাংশ খালে পড়ে ভরাট হয়। ফলে পানি চলাচল বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতা হয়। খালে জমাট বাঁধা বর্জ্যরে অধিকাংশই পলিথিন, ককশিট ও প্লাস্টিকের মতো অপচনশীল বর্জ্য।

এদিকে নগরীর জলাবদ্ধতা নিরসনে ৮ হাজার ৬২৬ কোটি টাকা ব্যয়ে ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ প্রকল্প ও দুই হাজার ৭৭৯ কোটি টাকা ব্যয়ে ‘কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু হতে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ’ প্রকল্প বাস্তবায়ন করছে সিডিএ। এক হাজার ৬২০ কোটি টাকা ব্যয়ে ‘চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা/জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়ন’ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। ১ হাজার ৩৬৩ কোটি টাকা ব্যয়ে নগরীর বাড়ইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সিডিএ’র ৮ হাজার ৬২৬ কোটি টাকা ও পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পটির পূর্ত কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।
সিডিএ’র নির্বাহী প্রকৌশলী ও জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক আহমদ মঈনুদ্দিন বলেন, নগরীতে উৎপাদিত বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা না আনলে প্রকল্পগুলো বাস্তবায়নের পরও নগরীর জলাবদ্ধতা পরিস্থিতির কোন পরিবর্তন আসবে না। খাল-নালা সংস্কার ও নির্মাণ এবং খালের মুখে স্লুইসগেট নির্মাণের কারণে জলাবদ্ধতার প্রকোপ কিছুটা কমে আসবে। কিন্তু আবর্জনায় খাল-নালা ভরাট হয়ে থাকলে পানি আটকে জলাবদ্ধতা হবেই।
সম্প্রতি চট্টগ্রাম সার্কিট হাউসে জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়নে এক মতবিনিময় সভায় অর্ন্তবর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক খাল-নালায় ময়লা ফেললে জেল-জরিমানা করার ব্যাপারে চসিককে চিন্তা করতে বলেন। এ সময় তিনি বলেন, চসিক বর্জ্য ব্যবস্থাপনায় অনেক ধরনের কাজ করতে পারে। প্রথমে সচেতনতা, তারপর সতর্কতা, এরপর শাস্তি; এভাবে যদি এগিয়ে যাওয়া যায় আশা করি উল্লেখযোগ্য অগ্রগতি পাওয়া যাবে। নগরে বসবাসকারী যে সমস্ত পরিবার শতভাগ কমপ্লায়েন্স মেনে চলবে তাদের পুরস্কৃত করা যেতে পারে। এগুলো যারা মান্য করবে না তাদের তিরস্কার এবং জরিমানা করা যায়। যারা কোনভাবেই মানবে না তাদের দুয়েকজনকে জেলও দিতে পারি। তাহলে ময়লা যত্রতত্র ফেলবে না।
এদিকে নগরের জলাবদ্ধতা নিরসনে ৮ হাজার ৬২৬ কোটি টাকা ব্যয়ে ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় ৩৬টি খাল থেকে বর্জ্য অপসারণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া খালের ভেতর অবৈধভাবে গড়ে ওঠা প্রায় সাড়ে তিন হাজার স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে। কিন্তু বর্জ্য অপসারণ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে প্রকল্প সংশ্লিষ্টদের। নগরবাসীর যত্রতত্র বর্জ্য ফেলা ও সিটি কর্পোরেশনের বর্জ্য সংগ্রহে গাফিলতি এর জন্য দায়ী বলে মনে করছেন তারা। ফলে একেকটি খাল একাধিকবার পরিষ্কারের পরও ভরাট হয়ে থাকে।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, একজন ব্যক্তি প্রতিদিন ৭৪০ গ্রাম বর্জ্য উৎপাদন করে। সে হিসেবে ৭০ লাখ লোকের চট্টগ্রাম নগরে প্রতিদিন বর্জ্য উৎপাদন হয় ৫ হাজার ১৮০ টন। বছরে উৎপাদন করে ১৮ লাখ ৯০ হাজার ৭০০ টন বর্জ্য। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ওই বছর তারা বর্জ্য সংগ্রহ করেছে ৯ লাখ ১৩ হাজার ৭০০ টন। বাকি প্রায় ১০ লাখ টন বর্জ্য নালা-নর্দমা ও খাল হয়ে নদীতে চলে যায়। চট্টগ্রামের কর্ণফুলী নদীর দূষণরোধ, নাব্য বৃদ্ধি এবং অবৈধ দখল রোধকল্পে মহাপরিকল্পনা করেছে সরকার।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান বলেন, বর্জ্য সংগ্রহের যে ব্যবস্থা রয়েছে তা সন্তোষজনক নয়। ন্যূনতম যে ব্যবস্থা রয়েছে তাতেও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত না করার কারণে শৃঙ্খলা আনা যাচ্ছে না। নির্ধারিত সময়ে নির্দিষ্ট স্থানে নগরবাসীর বর্জ্য ফেলা নিশ্চিত করতে হবে। যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে জরিমানা ও কঠোর শাস্তি দিতে হবে। তবেই বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা আসবে। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সুফল পাবে নগরবাসী। নয়তো জনগণের অর্থের অপচয় ছাড়া আর কিছু হবে না।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনে আইন প্রয়োগের এ ক্ষমতা দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনকে। বর্জ্য সংগ্রহে বিভিন্ন উদ্যোগ নিলেও এখন পর্যন্ত আইনের প্রয়োগ দেখা যায়নি। আইনের পঞ্চম তফসিলে বর্জ্য ফেলে খাল-নালা ভরাটকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এই অপরাধে দণ্ডের ক্ষমতাও দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনকে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে ল’ফার্ম নিয়োগ হয়েছে – স্বরাষ্ট্রমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পাওয়ার পর সাবেক আইজিপি বেনজীর আহমেদের জামিন বাতিল এবং তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি উদ্যোগ নেয়া হয়েছে । দুবাইয়ে একটি আন্তর্জাতিক ল’ফার্ম নিয়োগ করা হয়েছে বাংলাদেশের পক্ষে কাজ করার জন্য।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।রোববার ২ আগস্ট রাজশাহীতে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন-সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন—বিষয়টি আমরা জেনেছি। তার জামিন আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকার দুবাইয়ে একটি ল’ফার্ম নিয়োগ করেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

চট্টগ্রামের বাঁশখালীতে চিংড়ি প্রকল্পের দখল নিয়ে শেষ রাতে গোলাগুলি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চিংড়ি প্রকল্পের দখল নেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামের বাঁশখালীতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল বেড়িবাঁধ সংলগ্ন তাজুরঘোনা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম বলেন, গোলাগুলির ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ৮ থেকে ১০ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। যাচাই-বাছাই করে এর মধ্যে কোনো নিরপরাধ ব্যক্তি থাকলে তাদের ছেড়ে দেওয়া হবে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, স্থানীয়ভাবে তৈরি একনলা বন্দুক দিয়ে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। মূল অপরাধীদের শনাক্ত ও অবৈধ অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, এলাকায় নতুন করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি স্থানীয় জনগণকে শান্ত থাকার এবং অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাজুরঘোনা এলাকার একটি চিংড়ি প্রকল্পের মালিকানা ও দখল নিয়ে স্থানীয় কবির গ্রুপ ও মনসুর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার রাতে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হন। একপর্যায়ে একপক্ষ অন্যপক্ষকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে কয়েকজন পথচারীসহ সংঘর্ষে লিপ্ত ব্যক্তিরা গুলিবিদ্ধ হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযান পরিচালনাকারী দল সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই জড়িতদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারে জেলা পুলিশের একাধিক টিম মাঠে নামে। অভিযানে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) মো. ইব্রাহীম, আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান ও বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হকসহ জেলা পুলিশের একটি বড় দল অংশ নেয়।

আলোচিত খবর

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। আজ শুক্রবার ২৪ জুলাই বিকেলে তিনি গণমাধ্যমকে নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন জাতীয় সংসদের স্পিকারের কাছে রাষ্ট্রপতির পদত্যাগপত্র এরই মধ্যে পৌঁছানো হয়েছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে সংসদ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

কয়েক দিন ধরেই রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। বঙ্গভবন সূত্রে জাবা যায়, রাষ্ট্রপতি পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং পদত্যাগপত্রও প্রস্তুত করেছেন। তবে স্পিকার বিদেশ সফরে থাকায় তা জমা দেওয়া সম্ভব হয়নি।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। দায়িত্ব পালনকালে তিনি সময়ের ব্যবধানে তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করান।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন মহল থেকে তার পদত্যাগের দাবি ওঠে। তখন তিনি পদত্যাগ করেনননি। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে বঙ্গভবন ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচিও পালিত হয়। তবে সংসদ ভেঙে দেওয়া, অন্তর্বর্তী সরকার গঠনসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ায় তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন অব্যাহত রাখেন।

২২ তম এরাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হলো। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সংবিধান অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিন জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযুদ্ধের সময় পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এবং ১৯৭১ সালে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

সর্বশেষ