এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পলাশবাড়ীতে এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় চার দিনের রিমান্ডে দিয়েছে আদালত।সোমবার ১৩ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) কে এম রাকিবুল হুদা আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন জানিয়ে বলেন, মামলায় মানি লন্ডারিংয়ের সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই এবং হরিদাস মন্দির পরিচালনার সঙ্গে যুক্ত।
আদালতে হরিদাস চন্দ্র বলেন,আমি একজন কৃষক ছিলাম।এখন মন্দির পরিচালনা করি। মন্দির করে যদি অপরাধী হই, তাহলে কিছু করার নেই। তিনি আরো বলেন, ‘ভক্তদের দেওয়া অর্থ অন্য কোনো কাজে ব্যবহার করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখা যেতে পারে।

মামলার আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, হরিদাস চন্দ্রের নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব অর্থের উৎস ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে জানতে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, হরিদাস চন্দ্রসহ সংশ্লিষ্টরা হুন্ডি ও দেশি-বিদেশি মুদ্রা পাচারের সঙ্গে জড়িত। অনুসন্ধানে তার পাঁচটি ব্যাংক হিসাব ও চারটি এমএফএস হিসাবে সন্দেহজনকভাবে ৯ কোটি ৩৫ লাখ ৩২ হাজার ৪৫১ টাকা জমার তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।
গত ১২ জুলাই রাত সাড়ে ১১টার দিকে ঢাকার সিআইডির একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।সম্প্রতি গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসেন হরিদাস চন্দ্র।











