এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান চালিয়ে আড়াই লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার ভারতীয় মাদক ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। গতকাল বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনস্থ জামালপুর বিওপির টহল দল গতকাল বুধবার ভোর সাড়ে ৪টায় জয়পুর-চকবিলগাথুয়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৩৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করে।

একইদিন প্রাগপুর বিওপির টহল দল রাত ২.৪০টায় প্রাগপুর কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩ হাজার ৬২০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে। বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৫৩ হাজার ১০০ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তি সূত্রে বিজিবি জানিয়েছে।











