এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


নেত্রকোণার আটপাড়া উপজেলায় বজ্রপাতে আল মামুন (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২১ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার শুনই/লুনেশ্বর ইউনিয়নের মল্লিকনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল মামুন ওই গ্রামের আল আমিনের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সদ্য সমাপ্ত এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া আল মামুন পরীক্ষার ফল প্রত্যাশী ছিলেন। পড়াশোনার অবসর সময়ে তিনি পরিবারকে কৃষিকাজে সহায়তা ও গবাদিপশুর দেখাশোনা করতেন। শুক্রবার সকাল থেকেই এলাকাটিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে তিনি বাড়ির সামনের জমিতে গরুর জন্য ঘাস কাটতে যান। সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়দুল ইসলাম জানান, বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

এদিকে খবর পেয়ে নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, বজ্রপাতে নিহত শিক্ষার্থীর দাফন-কাফনের জন্য জেলা প্রশাসন ও সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পরিবারটিকে ২০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।










