এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘সিরাত পাঠ প্রতিযোগিতা-২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার (৩০ অক্টোবর) পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পূর্বধলা উপজেলা শাখা এই প্রতিযোগিতার আয়োজন করে।

‘সিরাতের আলোকিত পথ ধরি, সুন্নাহর সৌরভে জীবন গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও সুন্নাহ সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি এবং নৈতিক ও আদর্শিক জীবন গঠনে উদ্বুদ্ধ করা।
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য অধ্যাপক মাছুম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বক্ষব্যাধি বিভাগের সহকারী অধ্যাপক ডা. দেলোয়ার জাহান খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেত্রকোনা জেলা ছাত্রশিবিরের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসেন। এতে আরও বক্তব্য দেন নেত্রকোনা জেলা ছাত্রশিবিরের সভাপতি তারিকুজ্জামান তৌহিদ ও পূর্বধলা উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে নৈতিকতা, মানবিকতা ও আদর্শিক শিক্ষায় গড়ে তুলতে সিরাত চর্চার বিকল্প নেই। মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমেই কেবল ব্যক্তি, পরিবার ও সমাজজীবন সুন্দর, সুশৃঙ্খল এবং কল্যাণমুখী করে গড়ে তোলা সম্ভব।
আলোচনা সভা শেষে সিরাত পাঠ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
এ সময় প্রতিযোগী শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।












