আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর ফাঁসির আদেশ

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন একটি আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুননেছা এ রায় দেন। একই রায়ে আদালত তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডেরও আদেশ দিয়েছেন।দণ্ডিত মো. জামালের (৩৭) বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়। চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার বাস্তুহারা কলোনিতে তার বাসা ছিল।খুনের শিকার তার স্ত্রী পারভিন আক্তারের (২৪) বাবার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। বিয়ের পর থেকে বাকলিয়ার বাসায় স্বামীর সঙ্গে থাকতেন তিনি।
চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুর রশিদ জানান, এ ঘটনায় দায়ের হওয়ার মামলা তদন্ত শেষে বাকলিয়া থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) কারিমুজ্জামান ২০২২ সালের ২৫ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৩ অক্টোবর আসামি জামালের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষে মোট ১৩ জনের সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি জামাল আদালতে হাজির ছিলেন। পরে সাজামূলে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৭ জানুয়ারি রাতে জাতীয় জরুরি সেবা নম্বরে কল পেয়ে বাকলিয়া থানা পুলিশ গিয়ে বাসা থেকে খাটের ওপর কম্বল পেঁচিয়ে শোয়ানো অবস্থায় পারভিনের লাশ উদ্ধার করে। এ সময় জামাল পলাতক ছিল। ১৮ জানুয়ারি পুলিশ জামালকে গ্রেফতার করে। গ্রেফতার জামাল স্ত্রীকে খুনের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
মামলার নথিপত্র পর্যালোচনায় জানা গেছে, ২০২০ সালে পারভিনের প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। ২০২১ সালে চট্টগ্রাম নগরীতে একটি মাজারে নিয়ে পারভিনকে বিয়ে করে জামাল। কাবিননামা না থাকলেও তারা স্বামী-স্ত্রীর মতো ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। জামালের প্রথম সংসারের স্ত্রী এক ছেলে ও এক মেয়ে নিয়ে আলাদা বাসায় থাকতেন।
জবানবন্দিতে দেয়া জামালের বক্তব্য অনুযায়ী, একসঙ্গে বসবাস শুরুর পর থেকে পারভিন জামালের আগের স্ত্রীর সঙ্গে মেলামেলা নিয়ে সন্দেহ করে তার সঙ্গে প্রায়ই ঝগড়া করতেন এবং এলাকায় সবার সামনে হেনস্থা করতেন। ঘটনার ১৫-২০ দিন আগে ঝগড়া হলে জামাল তার প্রথম স্ত্রীর কাছে চলে যান। পরে আবার পারভিনের কাছে ফেরত যান। এরপর তাদের মধ্যে অশান্তি আরও বাড়ে।
ঘটনার আগেরদিন ২০২২ সালের ১৫ জানুয়ারি রাত ৮টায় পারভিন ও জামালের মধ্যে ঝগড়া হয়। গভীর রাত পর্যন্ত ঝগড়ার পর তারা ঘুমিয়ে পড়েন। ১৬ জানুয়ারি সকাল ১০টার দিকে ঘুমন্ত পারভিনকে তার ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করে জামাল। এরপর কম্বল পেঁচিয়ে তার লাশ বিছানায় রেখে পালিয়ে যায়।
নথিপত্রে উল্লেখ আছে, ১৭ জানুয়ারি রাতে বাড়ির মালিকের ট্রিপল নাইনে কল পেয়ে লাশ উদ্ধার করা হয়। ১৮ জানুয়ারি পারভিনের বোন পোশাককর্মী বেবি আক্তার বাদী হয়ে জামালকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার এজাহারে পারভিনের অভিযোগ, মাজারে বিয়ের পর একসঙ্গে বসবাসের শুরু থেকে জামাল পারভিনকে বিভিন্নভাবে অত্যাচার করে আসছিলেন। ১৫ জানুয়ারি রাতে প্রতিবেশিরা তাদের মধ্যে ঝগড়ার আওয়াজ শুনতে পান। বিরক্ত হয়ে বাড়ির মালিক তাদের বাসা ছেড়ে দিতে বলার জন্য ১৭ জানুয়ারি সন্ধ্যায় সেখানে যান। তিনি গিয়ে দেখেন, দরোজা বাইরে থেকে হুক লাগানো। সেটা খুলে ভেতরে গিয়ে তিনি দেখেন, খাটের ওপর লাশ পড়ে আছে। এরপর তিনি ট্রিপল নাইনে কল দেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ