এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাম্প্রদায়িকতা ও দখলদারিত্ব প্রতিরোধ করে বৈষম্যহীন, শোষণমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রাম জোরদার করার আহবান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে পার্টির চট্টগ্রামের সদস্যদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় সিপিবি সভাপতি এই আহবান জানান। গতকাল শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে নগরীর হাজারী লেইনস্থ সিপিবি চট্টগ্রাম জেলা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিপিবি সভাপতি মো. শাহআলম বলেন, ছাত্র-জনতার গণ-আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। এই চেতনাকে ধারণ করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও ভোটাধিকার পুনরুদ্ধার করতে হবে। বৈষম্যবিরোধী গণ-আন্দোলনের আকাঙ্খার সঙ্গে সাম্প্রদায়িকতা, ভাঙচুর, লুটপাট ও নয়া দখলদারিত্ব কখনই সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি বলেন, এক ফ্যাসিবাদী শাসকের বদলে অন্য ফ্যাসিবাদী শাসক বা ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই সময়ে নানা অপশক্তি সক্রিয় হয়ে উঠেছে।

সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় সদস্য মৃণাল চৌধুরী, চট্টগ্রাম জেলার সম্পাদকমন্ডলীর সদস্য উত্তম চৌধুরী, শ্রমিক নেতা মো. মছি-উদ-দৌলা, মো. ফরিদুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বলেন, সকল অন্যায়, অবিচার, হত্যা, দখলদারিত্ব, দুর্নীতি, লুটপাট, সাম্প্রদায়িক হামলার বিচার কাজ দ্রুততার সঙ্গে শুরু করতে হবে। বাংলাদেশ জনগণ আর কোন হেলমেট বাহিনী পেটুয়া বাহিনীকে ক্ষমতা দেখতে চায় না। এছাড়া বিশেষ ট্রাইবুনাল গঠন করে সকল হত্যাকাণ্ডের বিচারের জন্য বর্তমান সরকারের নিকট দাবি জানানো হয়।


















