এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে জমে থাকা বৃষ্টির পানিতে তড়িতাহতে (বিদ্যুৎস্পৃষ্ট) দুই জনের মৃত্য হয়েছে। রোববার দুপুরে নগরের জিইসি এলাকায় এম এম আলী রোডের বশর ভিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর আগে শনিবার দিবাগত রাতের বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা মারা গেছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

নিহতরা হলেন, মিরসরাই উপজেলার পূর্ব গোল মগরা এলাকার নুর জাহানের ছেলে তৈয়ব (৪৫) এবং কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাবিরপাড়া এলাকার হুমায়ুনের ছেলে রবিউল (১৪)।
চকবাজার থানার ওসি জাহিদুল কবির জানান, শনিবার রাতের বৃষ্টিতে ওই ভবনের নিচে পানি জমে যায়। ওই পানিতে দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হন। উদ্ধার করে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় ২ জনকে হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। স্বজনরা এলে হস্তান্তর করা হবে।









