আজঃ শনিবার ১৮ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা চার প্রতিষ্ঠানকে ।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানা এলাকায় ভেজালবিরোধী অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। বৃহস্পতিবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে র‌্যাব-৭ বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসময় চারটি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্পট ব্রিফিং করে র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, গোপন খবরের ভিত্তিতে জানা যায়, বাকলিয়া এলাকায় কয়েকটি প্রতিষ্ঠান অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করছে। পাশাপাশি ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য বাজারজাত করা হচ্ছে।

এতে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছিল। পাশাপাশি রাজস্ব ফাকি দেয়া হচ্ছিল। ভেজাল খাদ্য উৎপাদন করে বাজারে ছড়িয়ে দিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেলোয়ার ফুড প্রোডাক্টসহ মোট চারটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখা এবং ভেজাল নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

শিক্ষকদের সহযোগিতায় ফের পুনর্জীবিত হবে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সহশিক্ষা কার্যক্রম : মেয়র।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের আয়োজনে এবং চটগ্রাম সিটি রেড ক্রিসেন্টের বাস্তবায়নে নগরীর লালদিঘীস্থ মাহবুব আলম চৌধুরী চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরি মিলনায়তন-এ চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের আওতাধীন শতাধিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের অংশগ্রহণে সারাদিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে যুব নেতৃত্ব বিষয়ে শিক্ষকদের কৌশলগত সংলাপ – ২০২৬। উক্ত আয়োজনে চট্টগ্রাম নগরীর প্রায় শতাধিক প্রতিষ্ঠানের সহশিক্ষা কার্যক্রমের আওতায় রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

উক্ত আয়োজনের সমাপনী সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এবং চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের মাননীয় চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, সহশিক্ষা কার্যক্রম প্রতিটি শিক্ষার্থীর জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠা উচিত, বইয়ের গৎবাঁধা পড়াশোনার বাইরে মানবিক কাজে উদ্বুদ্ধ করতে রেড ক্রিসেন্টের ভূমিকা অপরিসীম। শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে রেড ক্রিসেন্টের কার্যক্রমকে প্রসারিত করতে সকল শিক্ষকদের আহ্বান জানান তিনি।

সারাদিনব্যাপী চলা এই আয়োজনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ভাইস-চেয়ারম্যান এম. এ. সালাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ, কার্যকরী পর্ষদ সদস্য নিজাম উল আলম খান, জিয়াউল হক সোহেল, মেহেদী হাসান রায়হান, মো: এনামুল হক, ভারপ্রাপ্ত ইউএলও মো: জিয়াউল হক, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান দীপ্ত ভট্টাচার্য্য, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্যসহ যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।

চট্টগ্রামে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দের পর নদীতে অবমুক্ত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

লুসাই কন্যা কর্ণফুলী নদীতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শাহ আমানত সেতুর কর্ণফুলী থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস।

কোস্ট গার্ড জানায়, টেকনাফ থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ চিংড়ি রেণু পাচার হচ্ছে— গোপনে এমন তথ্যের ভিত্তিতে রাত ১টার দিকে খুলনাগামী সন্দেহজনক দুটি ট্রাক তল্লাশি করা হয়। তল্লাশির সময় ট্রাক দুটি থেকে প্রায় ১ কোটি ২০ লাখ পিস চিংড়ি রেণু জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত জানান, অভিযানের সময় ট্রাকের চালক ও হেল্পারদের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকসহ তাদের ছেড়ে দেওয়া হয়। পরে জব্দ করা চিংড়ি রেণু কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়। মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আলোচিত খবর

সমুদ্রপথে বাংলাদেশকে এগিয়ে নিতে ক্যাডেটরা প্রস্তুত: চট্টগ্রামে নৌ পরিবহনমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মেরিটাইম খাতে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরাই ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং দেশের সক্ষমতা তুলে ধরবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার সকালে চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউটে ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, শিক্ষা শুধুমাত্র জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; এর মূল লক্ষ্য শারীরিক ও মানসিক পূর্ণ বিকাশ।আপনারা শুধু ব্যক্তি নন, আপনারা জাতির সম্পদ। বিশ্বের বিভিন্ন বন্দরে গিয়ে আপনারা বাংলাদেশের পরিচয় তুলে ধরবেন, দেশের সক্ষমতা ও স্মার্টনেস প্রদর্শন করবেন।যারা এই কোর্স সম্পন্ন করে সমুদ্রে যাবেন, তারা নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে শিখেছেন। জাহাজ ব্যবস্থাপনা কিংবা নৌ চলাচল-যেখানেই থাকুন না কেন, দৃঢ়তা ও পেশাদারিত্বের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।পৃথিবীর প্রায় ৭০ শতাংশই জলভাগ, যা একসময় ছিল দুর্গম। তবে আধুনিক বিশ্ব সেই সীমাবদ্ধতা জয় করেছে।

কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, একমাত্র অ্যাকাডেমিক সার্টিফিকেটভিত্তিক শিক্ষা অনেক সময় বেকারত্ব তৈরি করে। এর বিপরীতে দক্ষতাভিত্তিক শিক্ষা কর্মসংস্থানের পথ খুলে দেয়। ১৯৯০-এর দশকে প্রতিষ্ঠিত মেরিটাইম প্রশিক্ষণ ব্যবস্থা থেকে ইতোমধ্যে হাজারো দক্ষ জনশক্তি তৈরি হয়েছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতে এই খাত আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।অনুষ্ঠানে অংশ নেওয়া ক্যাডেটদের উদ্দেশে তিনি স্বাস্থ্য সচেতনতার কথাও উল্লেখ করেন। দীর্ঘসময় রোদে প্যারেড করার কারণে সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দেন তিনি। এছাড়া অনুষ্ঠানে মেরিটাইম ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। পাসিং আউট প্যারেডে অংশ নেওয়া ক্যাডেটদের শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ ও দক্ষতা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

আরও পড়ুন

সর্বশেষ