আনাগোনা কম ক্রেতাদের

দেশের বিভিন্ন অঞ্চল থেকে পশুবোঝাই ট্রাক আসছে স্থায়ী-অস্থায়ী হাটে

ডেস্ক নিউজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের স্থায়ী ও অস্থায়ী হাটগুলোতে কোরবানির পশু আসতে শুরু করেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে শত শত পশুবোঝাই ট্রাক এসেছে, সে তুলনায় ক্রেতাদের আনাগোনা অনেকটাই কম। বাজারে পশুর ঘাটতিকে পুঁজি করে অতিরিক্ত দাম হাঁকাচ্ছেন বলে অভিযোগ করেছেন হাটে আসা ক্রেতারা। আবার অনেকেই এসেছেন দরদাম যাচাই করে সে অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে পশু ক্রয় করতে। গোখাদ্য, পরিবহন ও লালন-পালনে খরচ বৃদ্ধির অজুহাত দেখিয়ে মাঝারি ও ছোট আকারের গরুর দামও নাগালের বাইরে রয়েছে বলে অভিযোগ ক্রেতাদের।

ক্রেতারা জানান, কোরবানি পশুর আকাশচুম্বী দামে এখন দেখতে আসা পর্যন্তই সীমাবদ্ধ রয়েছেন এবং পশু দেখতে এসেই সন্তুষ্ট হচ্ছেন তারা। তাদের দাবি, বিক্রেতারা এখনো পশু বিক্রিতে আগ্রহী নন। এ কারণে তারা অতিরিক্ত দাম হাঁকছেন। পশুর হাটের হাসিল নিয়েও ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা যাচ্ছে।

খামার-সংশ্লিষ্টরা জানান, উৎপাদন কমে যাওয়ায় কোরবানি ঈদে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে থাকতে পারে পশুর দাম। বিশেষ করে রাজশাহী বিভাগের নওগাঁ, বগুড়া ও সিরাজগঞ্জ থেকে প্রতিবছরের মতো এবারও বিপুলসংখ্যক পশু চট্টগ্রামের বাজারে আসছে। নগরের সাগরিকা, মইজ্জ্যারটেক ও পাহাড়তলীসহ এগ্রোগুলোতে জমতে শুরু করেছে বেচাকেনার জোরেশোরে প্রস্তুতি। খামারিরা বলছেন, গোখাদ্য ও পরিচর্যার খরচ বেড়ে যাওয়ায় এবার পশুর ন্যায্যমূল্য পাওয়া নিয়ে তারা কিছুটা শঙ্কার মধ্যে আছেন। তবে এবারের ঈদে বাজারে ভালো দামের পশুর চাহিদা থাকবে বলেও আশা প্রকাশ করেছেন তারা।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায়, চাহিদার তুলনায় প্রায় ৩৫ হাজার পশুর ঘাটতি আছে। যা গেল বছরের তুলনায় বড় ফারাক। ২০২৪ সালে উৎপাদন ৮ লাখ ৫২ হাজার ৩৫৯টি এবং ২০২৩ সালে ৮ লাখ ৪২ হাজার ১৬৫টি। সেই ধারাবাহিকতা অনুযায়ী, উৎপাদনে ঊর্ধ্বমুখী ধারা ভেঙে ৭ লাখ ৮৩ হাজারে নেমে আসাকে ডেইরি খাতের বড় বিপর্যয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়ভাবে গৃহপালিত পশুর মধ্যে রয়েছে ৩ লাখ ৭৪ হাজার ৯৯৯টি ষাঁড়, ৯০ হাজার ৪৮৮টি বলদ, ৩৩ হাজার ৭৯২টি গাভি, ৪৭ হাজার ৮৩৪টি মহিষ, ১ লাখ ৯৪ হাজার ৫১৯টি ছাগল ও ৪১ হাজার ৪২৩টি ভেড়া এবং ৯৬টি অন্যান্য পশু।

প্রাণিসম্পদ অফিস তথ্যসূত্রে আরও দেখা যায়, চট্টগ্রামের গ্রামাঞ্চল ও উপজেলাগুলোতে পশুর উদ্বৃত্ত থাকলেও নগর এলাকায় ঘাটতি বেশি। উপজেলাগুলোর মধ্যে মিরসরাইয়ে ৬ হাজার ৫১০টি, সন্দ্বীপে ১১ হাজার ৬০৪টি, সীতাকুণ্ডে ৩ হাজার ২৩০টি, ফটিকছড়িতে ৭ হাজার ৮১৮টি এবং লোহাগাড়ায় ৬ হাজার ৯৭৬টি পশু উদ্বৃত্ত রয়েছে। এ ছাড়া বোয়ালখালী, চন্দনাইশ, আনোয়ারা, পটিয়া ও কর্ণফুলী উপজেলাতেও উল্লেখযোগ্য পশু উদ্বৃত্ত রয়েছে।
প্রাণিসম্পদ-সংশ্লিষ্টরা জানান, সুস্থ ও প্রাকৃতিক উপায়ে মোটাতাজাকৃত পশু বাজারে আনতে খামারিদের নিয়মিত পরামর্শ ও চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। এতে ক্রেতাদের আস্থা বাড়বে এবং খামারিরাও লাভবান হবেন।
সরেজমিনে পশুর হাটে গিয়ে বিভিন্ন চিত্র দেখা গেছে। বিক্রেতারা বলছেন, ক্রেতাদের একটি অংশ বিভিন্ন এগ্রো ও ফার্মের ওপর নির্ভর করায় এখনো হাটে আশা অনুযায়ী ক্রেতার দেখা মিলছে না। মানুষ আগের মতো পশুর হাটের ঝামেলা-জঞ্জালের মধ্যে আসতে চায় না। এগ্রো ও ফার্মে তারা পশু লালন-পালন করে মোটাতাজা করে আকর্ষণীয় করে তোলেন, ফলে ক্রেতাদের এখন নজর ওদিকেই বেশি।

আহমদ জমির নামের এক পশু বিক্রেতা বলেন, বিভিন্ন জায়গায় ফার্ম হয়ে গেছে, তাই বাজারে ক্রেতার উপস্থিতি যেমন কমেছে তেমনি কমেছে আগত পশুর সংখ্যা। মানুষ এখন এগ্রো বা ফার্ম থেকে আগেভাগেই পশু কিনে রাখছেন। ফলে বাজারে ক্রেতার চাপ কমে যাচ্ছে। আমরা খামারিরা ক্ষতির মুখে পড়ছি। পশু বিক্রেতা জলিল আহমদ বলেন, প্রতিনিয়ত খাদ্য, পরিবহন ও শ্রমিক খরচ– সবকিছুই বাড়ছে। তাই পশুর দামও বেড়ে যাচ্ছে। আমরা ন্যায্য দাম চাইছি, লোকসান দিয়ে তো বিক্রি করতে পারব না।

সাগরিকা পশুর হাটের ইজারাদার ফজলে আলীম চৌধুরী বলেন, এক সপ্তাহ আগে আমি সিটি করপোরেশন থেকে বাজারটি ইজারা নিয়েছি। পশুর হাট এখনো জমেনি। হাটে ক্রেতারা আসছেন, দেখছেন, দাম জিজ্ঞেস করে ফিরে যাচ্ছেন। অল্প অল্প করে এখানে অসংখ্য পশু আনা হয়েছে। আশা করছি, বাজার আগামী কয়েক দিনের মধ্যে বেচাকেনায় চাঙ্গা হয়ে উঠবে। হাসিলের বিষয়ে তিনি বলেন, ‘ইজারা অনুযায়ী হাসিল নির্ধারণ করা হয়েছে।
পশু দেখতে আসা নগরের অক্সিজেন এলাকার আবু হেনা বলেন, কেনার উদ্দেশ্যে আসিনি। এসেছি কোরবানির পশু দেখতে এবং দাম যাচাই করতে। দাম, বাজার পরিস্থিতি ও পশুর সরবরাহ বিবেচনা করে কিছুদিন পরই পশু কিনতে আসব।

হাটে আসা শামীম হোসেন আখন্দ নামের ক্রেতা বলেন, গত বছরের তুলনায় এ বছর গরুর দাম অনেক বেশি, মহিষের দামও নাগালের বাইরে। তাই বিভিন্ন হাট ঘুরছি, দেখছি, তারপর সিদ্ধান্ত অনুযায়ী কিনব। কোরবানির জন্য ভালো পশু দরকার কিন্তু বাজেটও দেখতে হচ্ছে।
শামসুল আলম নামের অন্য এক ক্রেতা বলেন, লাখে যদি ৩ শতাংশ হাসিল দিতে হয় তাহলে গরু না কিনে রশি কিনেই বাড়ি ফিরতে হবে। এমনিতে হাটগুলোতে গরু-মহিষের দাম হাতের নাগালের বাইরে। ভাবছি, গ্রামের খামারিদের কাছ থেকে কম দামে কিনতে পারি কি না।

জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর বলেন, চট্টগ্রাম নগরে যে সামান্য ঘাটতি রয়েছে, তা দেশের বিভিন্ন জেলা থেকে আসা পশু দিয়ে পূরণ হবে। বিশেষ করে বগুড়া, দিনাজপুর, কুষ্টিয়াসহ আশপাশের জেলার বেপারিরা প্রতিবছরের মতো এবারও পশু নিয়ে আসবেন। এ ছাড়াও তিন পার্বত্য জেলাতেও চাহিদার তুলনায় পশু উদ্বৃত্ত আছে। এ ধরনের বিষয় নিয়ে খামারিদের সহায়তার জন্য উপজেলা অফিসে যেতে হবে। বড় খামারিরা অনেকেই ঋণের জন্য ব্যাংকের ওপর নির্ভরশীলতার কারণে সহায়তা চান না।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পাহাড় ও হ্রদের বুকে এক মানবিক অধ্যায়: হাবীব আজমের বিদায় ও জনকল্যাণের পদচিহ্ন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সময় বয়ে যায় নদীর স্রোতের মতো। মানুষের জীবনে আসে নানা অধ্যায়, কেউ আসে, কেউ চলে যায়; কিন্তু কিছু মানুষের কর্ম, ভালোবাসা ও মানবিকতার স্পর্শ সময়ের সীমানা পেরিয়ে মানুষের হৃদয়ে স্থায়ী হয়ে থাকে। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের (RHDC) চত্বরে দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিনের—মোট ৬৪৯ দিনের—কর্মময় ও দায়িত্বশীল অধ্যায় শেষে বিদায় নিয়েছেন তরুণ ও মানবিক নেতা মো. হাবীব আজম।

আশা, মানুষের প্রতি দায়বদ্ধতা এবং সততাকে পুঁজি করে যে পথচলা শুরু হয়েছিল, বিদায়ের মুহূর্তে তা পরিণত হয়েছে এক গুচ্ছ স্মৃতি, অর্জন ও জনকল্যাণের গল্পে। জেলা পরিষদে দায়িত্ব পালনের সময়টুকু তাঁর জন্য যেমন ছিল প্রশাসনিক ও উন্নয়নমূলক কাজের অভিজ্ঞতার অধ্যায়, তেমনি সাধারণ মানুষের কাছে তা ছিল একজন জনপ্রতিনিধির মানবিক মুখ দেখার সময়।
পাহাড়, হ্রদ আর মেঘের উপত্যকা রাঙ্গামাটিতে হাবীব আজমের কাটানো দিনগুলো শুধু দাপ্তরিক ফাইল, সভা কিংবা উন্নয়ন প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ ছিল না। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো, দুর্যোগে ছুটে যাওয়া, অসহায় মানুষের চিকিৎসায় সহায়তা করা, দরিদ্র শিক্ষার্থীর পড়াশোনার দায়িত্ব নেওয়া, যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং পাহাড়ি-বাঙালি মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার মধ্য দিয়ে তিনি গড়ে তুলেছেন এক আলাদা মানবিক পরিচয়।
জনকল্যাণের পথে দীর্ঘ এক যুগের পদচিহ্ন:

জেলা পরিষদের সদস্য হওয়ার অনেক আগে থেকেই হাবীব আজম ছিলেন মানুষের পাশে। বিগত এক যুগ ধরে রাঙ্গামাটির বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেছে কোনো এলাকায় আগুন লাগার খবর, কোথাও পাহাড়ধস, বন্যা কিংবা প্রাকৃতিক দুর্যোগ—দুর্গমতার বাধা পেরিয়ে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন তিনি। দুর্গম এলাকায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তাৎক্ষণিক ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা তুলে দেওয়া তাঁর মানবিক কর্মকাণ্ডের অন্যতম দিক।

অনেক সময় সরকারি বা প্রাতিষ্ঠানিক সহায়তা পৌঁছাতে সময় লাগে। সেই অপেক্ষায় না থেকে ব্যক্তিগত উদ্যোগে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন হাবীব আজম। এ কারণেই সংকটের সময়ে তাঁকে অনেক মানুষের কাছে একজন নির্ভরতার মানুষ হিসেবে দেখা গেছে।
দরিদ্র শিক্ষার্থীদের পাশে মানবিক হাত:
একজন শিক্ষার্থী অর্থের অভাবে যেন তার স্বপ্ন থেকে বঞ্চিত না হয়—এই ভাবনা থেকেই শিক্ষা সহায়তায়ও সক্রিয় ছিলেন হাবীব আজম।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া অসচ্ছল শিক্ষার্থী সুমনা আকতারের ভর্তির সমস্ত খরচ বহন করার পাশাপাশি তাঁর ভবিষ্যৎ পড়াশোনার দায়িত্ব নেওয়া হাবীব আজমের শিক্ষানুরাগী কর্মকাণ্ডের অন্যতম উল্লেখযোগ্য উদাহরণ।শুধু একজন শিক্ষার্থীর পাশে দাঁড়ানো নয়, শিক্ষাকে সামাজিক পরিবর্তনের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে দেখেন তিনি। তাঁর বিশ্বাস, একটি দরিদ্র পরিবারের মেধাবী সন্তানকে শিক্ষার সুযোগ করে দেওয়া মানে শুধু একজন শিক্ষার্থীকে সহায়তা করা নয়; বরং একটি পরিবারের ভবিষ্যৎ বদলে দেওয়ার সুযোগ তৈরি করা।
স্বাস্থ্যসেবায় অসহায় মানুষের পাশে:

অর্থের অভাবে চিকিৎসা নিতে না পারা অসহায় মানুষের পাশেও বারবার দাঁড়িয়েছেন তিনি। ক্যান্সারে আক্রান্ত অসহায় বৃদ্ধা রোকেয়া বেগমসহ অসংখ্য চিকিৎসাবঞ্চিত মানুষের জন্য আর্থিক সহায়তা, প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ এবং চিকিৎসার খরচ বহনের উদ্যোগ নিয়েছেন।
মানুষের অসুস্থতার খবর পেলে তাৎক্ষণিকভাবে পাশে দাঁড়ানোর এই প্রবণতা তাঁকে সাধারণ মানুষের কাছে আরও আপন করে তুলেছে। তাঁর কাছে মানবিকতা কোনো আনুষ্ঠানিকতা নয়; বরং মানুষের কষ্টকে নিজের দায়িত্ব হিসেবে দেখার একটি মানসিকতা।

শীতের রাতে ছিন্নমূল মানুষের উষ্ণতার সঙ্গী:
তীব্র শীতে যখন মানুষ ঘরের উষ্ণতায় নিরাপদ থাকতে চায়, তখন রাতের আঁধারে ছিন্নমূল মানুষের কাছে গিয়ে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার দৃষ্টান্তও রয়েছে হাবীব আজমের।
বাক্-শ্রবণ প্রতিবন্ধী শিশু থেকে শুরু করে ফুটপাত ও খোলা আকাশের নিচে রাত কাটানো অসহায় মানুষের মাঝে নিজে উপস্থিত হয়ে শীতবস্ত্র বিতরণ করেছেন তিনি। তাঁর কাছে মানবিক সহায়তার সবচেয়ে বড় মূল্য ছিল—যে মানুষটির প্রয়োজন, তার কাছে গিয়ে সহায়তা পৌঁছে দেওয়া।

সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য কারিগর:
রাঙ্গামাটি পার্বত্য জেলার সামাজিক বাস্তবতায় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গায় হাবীব আজমের অন্যতম বড় শক্তি তাঁর অসাম্প্রদায়িক ও মানবিক দৃষ্টিভঙ্গি।
দল-মত, ধর্ম-বর্ণ কিংবা জনগোষ্ঠীর পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের বিপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন তিনি। পাহাড়ি ও বাঙালি—উভয় জনগোষ্ঠীর মানুষের সুখ-দুঃখে সমানভাবে ছুটে যাওয়ার কারণে তাঁর গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বিস্তৃত পরিসরে।
প্রত্যন্ত পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কাছেও তাঁর উপস্থিতি তৈরি করেছে আস্থার জায়গা। মানুষের পরিচয়ের আগে মানুষকে দেখার এই মানসিকতাই তাঁর সামাজিক কর্মকাণ্ডকে দিয়েছে ভিন্ন মাত্রা।
জ্ঞানচর্চায় নতুন প্রজন্মের জন্য ‘পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগার:

মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি জ্ঞানচর্চা ও তরুণ প্রজন্মকে ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে সচেতন করার ক্ষেত্রেও হাবীব আজমের উদ্যোগ উল্লেখযোগ্য।
নিজস্ব অর্থায়নে রাঙ্গামাটির বনরূপায় প্রতিষ্ঠা করেছেন ‘পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগার’। পার্বত্য চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সমসাময়িক বিষয় সম্পর্কে নতুন প্রজন্মকে জানার সুযোগ করে দেওয়া এবং তরুণদের বই পড়ার প্রতি আগ্রহী করে তোলাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

ডিজিটাল যুগে যখন তরুণ প্রজন্মের বড় একটি অংশ মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যস্ত, তখন একটি পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগ নিঃসন্দেহে জ্ঞানভিত্তিক সমাজ গঠনের ভাবনার প্রতিফলন।
শিশুদের মাঝে দেশপ্রেমের বীজ বপন:
দেশপ্রেম ও জাতীয় চেতনা গড়ে তুলতেও তিনি কাজ করে যাচ্ছেন। প্রতি বছর মহান স্বাধীনতা দিবসে রাঙ্গামাটি স্টেডিয়ামে আগত হাজারো শিশুর মাঝে জাতীয় পতাকা, মাথায় পরার ফিতা ও বেলুন বিতরণ করেন তিনি।

শিশুদের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়ার এই ছোট্ট উদ্যোগের মধ্য দিয়ে তাদের মনে দেশের প্রতি ভালোবাসা, স্বাধীনতার ইতিহাস ও জাতীয় পরিচয়ের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি করার চেষ্টা করেছেন তিনি।
তাঁর কাছে দেশপ্রেম শুধু বক্তৃতার বিষয় নয়; বরং প্রজন্ম থেকে প্রজন্মে তা ছড়িয়ে দেওয়ার একটি সামাজিক দায়িত্ব।মাদকমুক্ত সমাজ ও তারুণ্যের শক্তিকে ইতিবাচক পথে কাজে লাগানো:

যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই—এই বিশ্বাস থেকে বিভিন্ন ক্রীড়া ক্লাব ও তরুণদের উৎসাহিত করেছেন হাবীব আজম।
বিভিন্ন ক্রীড়া ক্লাবকে জার্সি ও ক্রীড়া সামগ্রী প্রদান, খেলাধুলার আয়োজনকে উৎসাহ দেওয়া এবং তরুণদের মাঠমুখী করার উদ্যোগ তাঁর সামাজিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ অংশ।তাঁর বিশ্বাস, একজন তরুণ যদি খেলার মাঠে থাকে, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকে, তাহলে সে সমাজের জন্য সম্পদ হয়ে উঠতে পারে। তাই মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে ক্রীড়াকে তিনি একটি কার্যকর মাধ্যম হিসেবে দেখেছেন।
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ:

পাহাড় ও হ্রদের শহর রাঙ্গামাটির সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিতেও যুক্ত ছিলেন হাবীব আজম।সবুজায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, তরুণদের পরিবেশ সচেতন করে তোলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন সময়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে ভূমিকা রেখেছেন তিনি।
পর্যটন উন্নয়নে দৃশ্যমান উদ্যোগ:
রাঙ্গামাটির অর্থনীতিতে পর্যটনের গুরুত্ব অপরিসীম। জেলা পরিষদে পর্যটন করপোরেশন ও নার্সিং ইনস্টিটিউট সংশ্লিষ্ট কার্যক্রমের দায়িত্বে থেকে পর্যটন খাতকে আরও আধুনিক, নিরাপদ ও পর্যটকবান্ধব করার বিভিন্ন উদ্যোগে ভূমিকা রাখেন হাবীব আজম।

পর্যটনকেন্দ্রে যাত্রীছাউনি, ওয়াশরুম এবং ঝুলন্ত ব্রিজের অপর পাশে ওয়াকওয়ে ও সিঁড়ি নির্মাণের মতো অবকাঠামোগত উদ্যোগ পর্যটকদের সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি পর্যটন এলাকার সৌন্দর্য ও ব্যবস্থাপনাকে আরও উন্নত করার ক্ষেত্রে ভূমিকা রাখে।
জেলা পরিষদের ইতিহাসে প্রথম ‘ট্যুর গাইড প্রশিক্ষণ:
পর্যটন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের ওপর নির্ভরশীল নয়; দক্ষ জনবলও একটি পর্যটন এলাকার অন্যতম শক্তি। এই বাস্তবতা বিবেচনায় জেলা পরিষদের ইতিহাসে প্রথমবারের মতো ‘ট্যুর গাইড প্রশিক্ষণ’ কর্মসূচি চালুর উদ্যোগ নেন হাবীব আজম।

এর মাধ্যমে স্থানীয় তরুণদের পর্যটন খাতে দক্ষ করে তোলা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পর্যটকদের সামনে রাঙ্গামাটির ইতিহাস, ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে আরও সুন্দরভাবে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।সংক্ষিপ্ত জীবন ও সাংগঠনিক পথচলা:
জন্ম ও পরিবার মো. হাবীব আজম ১ ডিসেম্বর ১৯৯১ সালে রাঙ্গামাটি শহরের কাঁঠালতলীতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মো. চাঁন মিয়া এবং মা ফাতেমা বেগম।
শৈশব থেকেই রাঙ্গামাটির মাটি, মানুষ ও প্রকৃতির সঙ্গে বেড়ে ওঠা হাবীব আজমের সামাজিক চিন্তা ও কর্মকাণ্ডে স্থানীয় মানুষের জীবনযাত্রা, সমস্যা ও সম্ভাবনার প্রতিফলন দেখা যায়।

শিক্ষাজীবন:
তিনি চট্টগ্রাম আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে তাঁর আইন বিষয়ে শিক্ষাজীবনের এই অধ্যায় সম্পন্ন হয়।
আইন বিষয়ে শিক্ষালাভ তাঁর সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে মানুষের অধিকার, ন্যায়বিচার এবং দায়িত্বশীলতার বিষয়ে সচেতনতা আরও বাড়িয়েছে।
রাজনৈতিক ও সাংগঠনিক নেতৃত্ব:
হাবীব আজম পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)-এর সাবেক রাঙ্গামাটি জেলা সভাপতি এবং বর্তমানে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তরুণ নেতৃত্ব বিকাশ, ছাত্রসমাজকে সংগঠিত করা এবং পার্বত্য অঞ্চলের মানুষের বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে কাজ করার মধ্য দিয়ে তিনি দীর্ঘদিন ধরে সাংগঠনিক পরিসরে সক্রিয়।

সামাজিক সম্পৃক্ততা:
মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও FPAB-এর আজীবন সদস্য। পাশাপাশি ‘হিল ট্রেকার্স’, ‘হিলফুল যুব সংগঠন’ ও ‘হিল সার্ভিস’-এর উপদেষ্টা হিসেবেও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।
পদ থেকে বিদায়, মানুষের কাছ থেকে নয়:
একজন জনপ্রতিনিধি বা পরিষদ সদস্যের দায়িত্বের সময়সীমা নির্ধারিত হতে পারে। কিন্তু মানুষের সঙ্গে তৈরি হওয়া সম্পর্কের কোনো নির্দিষ্ট মেয়াদ নেই।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চত্বরে হাবীব আজমের ৬৪৯ দিনের অধ্যায় শেষ হয়েছে। দায়িত্বের চেয়ার বদলেছে, দাপ্তরিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে; কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর যে অভ্যাস, তা থেমে যাওয়ার নয়।

ক্ষমতার অহংকার, পদ-পদবির মোহ কিংবা বিলাসিতা তাঁকে কখনো স্পর্শ করতে পারেনি—এমনটাই তাঁর দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ডের চিত্রে প্রতিফলিত হয়। বরং তিনি বারবার দেখিয়েছেন, জনপ্রতিনিধিত্ব মানে শুধু একটি পদ বা পরিচয় নয়; এটি মানুষের সেবা করার একটি বড় সুযোগ এবং মানুষের আস্থা ধরে রাখার একটি গুরুদায়িত্ব।
পাহাড় ও হ্রদের শহর রাঙ্গামাটিতে তাঁর রেখে যাওয়া পদচিহ্ন তাই কেবল উন্নয়ন প্রকল্পের তালিকায় সীমাবদ্ধ নয়। তা ছড়িয়ে আছে কোনো অসহায় মানুষের হাতে পৌঁছে দেওয়া খাদ্যসামগ্রীতে, কোনো শিক্ষার্থীর স্বপ্ন পূরণের সহায়তায়, কোনো অসুস্থ মানুষের চিকিৎসায়, শীতার্ত মানুষের গায়ে জড়ানো শীতবস্ত্রে, কোনো শিশুর হাতে তুলে দেওয়া জাতীয় পতাকায়, কোনো তরুণের হাতে দেওয়া ক্রীড়া সামগ্রীতে কিংবা কোনো পাঠাগারের নীরব বইয়ের পাতায়।

জেলা পরিষদ থেকে তাঁর বিদায় হয়েছে—কিন্তু মানুষের কাছ থেকে নয়। দায়িত্বের অধ্যায় শেষ হলেও জনকল্যাণের পথচলা যে শেষ হয়নি, তাঁর অতীত কর্মকাণ্ডই তার সবচেয়ে বড় প্রমাণ।
রাঙ্গামাটির পাহাড়, হ্রদ আর মানুষের হৃদয়ে একজন তরুণ নেতার ৬৪৯ দিনের দায়িত্বের স্মৃতি হয়তো সময়ের সঙ্গে আরও দূরে সরে যাবে; কিন্তু মানুষের জন্য করা ভালো কাজগুলো থেকে যাবে—নীরবে, নিঃশব্দে, মানুষের স্মৃতির গভীরে।হাবীব আজমের বিদায় তাই কেবল একটি দায়িত্বের সমাপ্তি নয়, বরং জনকল্যাণের এক মানবিক অধ্যায়ের নতুন পর্বে প্রবেশ।

চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার-২৫৫, ১৪১ জনের কারাদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম রেঞ্জের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ হাজার ২১০ পিস ইয়াবা, ৮১ কেজি ২৬ গ্রাম গাঁজা ও অন্যান্য মাদক উদ্ধার করেছে পুলিশ। ১১ জেলায় এসব অভিযানে ২৫৫ জনকে গ্রেফতারন করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ২৮ হাজার ৮৫০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে ২৪ ঘণ্টায় মাদকের বিরুদ্ধে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, এগারো জেলায় ২৫০টি অভিযান পরিচালনা করে ৩০ হাজার ২১০ পিস ইয়াবা, ৮১ কেজি ২৬ গ্রাম গাঁজা, ১১৫ লিটার চোলাই মদ, ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪৮ বোতল ভারতীয় মদ, তিন বোতল বিদেশি মদ ও ৫১ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ২৫৫ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের কাছ থেকে ২৮ হাজার ৮৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ