এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় ২৪ ঘণ্টায় ৩৯১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১৮ হাজার ৮২৪টি ইয়াবা ট্যাবলেট ও ১০ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) থেকে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেফতার ৩৯১ জনের মধ্যে নিয়মিত মামলায় ৭১, পূর্ববর্তী মামলায় ৮১, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১২, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় দুজন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪২ জন রয়েছেন। এছাড়া পরোয়ানামূলে ৮৬ জন, সাজা পরোয়ানামূলে ১৮ জন এবং মাদক মামলায় ৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় গ্রেফতারদের মধ্যে মাদকসেবী ৭৯ জন। মাদক বহনকারী হিসেবে কেউ গ্রেফতার হয়নি। নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৩৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার হয়েছেন ১১৩ জন।
এদিকে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে ৮ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয় এবং মাদক আইনে ২৩টি মামলা করা হয়েছে। অভিযানে ১৮ হাজার ৮২৪টি ইয়াবা ট্যাবলেট ও ১০ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রেঞ্জ পুলিশ।














